আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, পরিচ্ছন্নতা, সবুজায়ন, আলোকায়ন ইত্যাদি ক্ষেত্রে রাজশাহী মহানগরী সারাদেশে প্রসংশা অর্জন করেছে। নগরীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। নগরীর এই সুনাম ধরে রেখে রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সিটি করপোরেশনের নতুন নতুন আয় খাত সৃষ্টি করতে চাই।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নগর ভবনের সিটি হলরুমে সিটি কর্পোরেশনের সচিবালয় বিভাগের অধীনস্থ বিভিন্ন শাখায় কর্মরতদের সাথে এক মতিবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় তিনি সিটি কর্পোরেশনের কার্যক্রমে আরো গতিশীল আনতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।
রাসিক মেয়র বলেন, সিটি করপোরেশনের আয় খুব কম। সিটি করপোরেশনের আয় বৃদ্ধিতে নতুন নতুন খাত সৃষ্টি করা হচ্ছে। নগরীতে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপন করতে চাই। সেখান থেকে সিটি করপোরেশনের অনেক আয় হবে। নগরীর অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য গতিশীল হবে। সিটি করপোরেশনের আয়তন বৃদ্ধির কার্যক্রমও চলমান রয়েছে।
সভায় এসময় বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, সচিব মো. মোবারক হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ প্রমুখ।
সময়ের আলো/জেডআই