প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থী হিসেবে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে বাছাই করেই আপনাদের কাছে পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তরের গজরা ইউনিয়নে উপজেলা শিল্পকলা প্রাঙ্গণে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত দীপু চৌধুরীর সহধর্মিণী ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সুর্বনা চৌধুরী বীণা এ কথা বলেন৷
বীণা চৌধুরী বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব দেন। সে সময় তিনি মতলব উত্তর ও মতলব দক্ষিণে ব্যাপক উন্নয়ন করেছেন। এবার নির্বাচনে জয়ী হলে তিনি অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারবেন।
তিনি বলেন, আমার স্বামী প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দীপু মতলব নিয়ে অনেক স্বপ্ন দেখতেন, তার পরিকল্পনা ছিলো সুপরিকল্পিত। তার বাবা মায়া চৌধুরী এমপি হলে মন্ত্রী হবে। তাকে নিয়ে এলাকার উন্নয়ন করবে। কিন্তু আজ দীপু চৌধুরী নেই। তার স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব। নির্বাচনে মায়া চৌধুরী নির্বাচিত হলে ছেলের স্বপ্ন পূরণসহ আপনাদের স্বপ্নও পূরণ করবেন।
গজরা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সালেহা বেগমের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জির সঞ্চালনায় আরো বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, গজরা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য আসমা আক্তার খুকি, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পুতুল আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গজরা ইউনিয়নের চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল্লাহ মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী, ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুননেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলি আক্তার, গজরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জয় ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
সময়ের আলো/আরআই