আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে তিনি সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে নিবার্চনী প্রচারণা চালান।
কোড্ডা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসুদেব ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসেম আসাদ মাস্টার।
মোকতাদির চৌধুরী বলেন, কোড্ডা গ্রাম আওয়ামী লীগের ঘাঁটি। জিয়া ও এরশাদের সময়েও আওয়ামী লীগ ফেল করে নাই। তিনি তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, এটা হলো বাংলাদেশের একমাত্র সিট, এই সিটে কখনো কোনো আন্ডার গ্র্যাজুয়েট এমপি হয় নাই, গ্র্যাজুয়েট এমপি হয়েছে।
এসময় তিনি ভোটারদের প্রার্থী নির্বাচনে শিক্ষার বিষয়টিকে বিবেচনায় রেখে ভোট দিতে আহ্বান জানান। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান।
নিবার্চনী প্রচারণাকালে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম মাহবুবুল আলম, জেলা পরিষদের সদস্য বাবুল মিয়া, বাসুদেব ইউনিয়নের চেয়ারম্যান হাকিম মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরআই