লালমনিরহাট-১ আসনে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়ে ফেলার ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) ভোর রাতে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়েছে এটা নিশ্চিত না হওয়া গেলেও আওয়ামীলীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর লোকজন পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, ওই এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের নির্বাচনী অফিসের সামনে কাঠ ও কাপড় দিয়ে নৌকা প্রতীক বানিয়ে টাঙিয়ে দেয় আওয়ামীলীগের লোকজন। সেই নৌকায় শনিবার ভোর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামীলীগের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধানের সমর্থকদের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন যখন আমাদের অফিসের সামনে নৌকা তুলে তখনেই আমরা অভিযোগ করেছি যে তারা নিজেরা নিজেদের প্রতীকে আগুন ধরিয়ে দিয়ে আমাদের হয়রানী করেবেন। তাই হলো। আমরা নয়, তারা নিজেই আগুন দিয়েছে তাদের প্রতীকে।
তবে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামলের দাবি, নৌকার জনপ্রিয়তায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন ভীত হয়ে নৌকা প্রতীকে আগুন দিয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
সময়ের আলো/এএ/