ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেছেন, পুলিশের কাজ যেমন ঝুঁকিপূর্ণ, ঠিক ক্রাইম রিপোর্টারদের কাজটিও ঝুঁকিপূর্ণ। সেই কাজটি কী রকম ঝুঁকিপূর্ণ তা গত ২৮ অক্টোবর আমরা সবাই প্রত্যক্ষ করেছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক আহত হয়েছিলেন। তাদেরকে নির্দয়ভাবে পেটানো হয়েছিল। পুলিশের কাজ ঝুঁকিপূর্ণ হলেও পুলিশের প্রয়োজনীয় ইকুইপমেন্ট থাকে কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে তা নেই।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের জন্য ফ্রি মেডিকেল অ্যান্ড ডেন্টাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুনূর রশীদ। বিশেষ অতিথি ছিলেন ইনসাফ বারাকাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্র্যাবের কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী। অন্যদের মধ্যে ইনসাফ বারাকাহ হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন, ক্র্যাবেরসহ সভাপতি মাসুম মিজান, সিনিয়র সদস্য খায়রুজ্জামান কামাল, সাবেক সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি ইসা হোসেন ইসাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এম