নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকের কোনো রচনা প্রত্যাহার বা পরিবর্তন করে মৌলবাদী অপশক্তির কাছে নতি স্বীকার না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
রোববার (২৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, সরকারকে কোনোভাবে সাম্প্রদায়িক অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। স্কুল পাঠ্যপুস্তকের বিষয় নিয়ে মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্র করছে।
গত ১৯ জানুয়ারি রাজধানীতে নতুন শিক্ষাক্রম নিয়ে এক আলোচনায় ‘সমকামিতার উসকানির’ অভিযোগ তুলে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পাতা ছিঁড়ে ফেলেন আসিফ মাহতাব, যিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।
শাহরিয়ার কবির বলেন, আসিফ সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে তৃতীয় লিঙ্গের ‘শরীফার গল্প’ রচনাটি ছিঁড়ে ফেলে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, এটিকে হালকাভাবে দেখার সুযোগ নেই এবং সেখানে সমকামিতার বিষয়টির কথা বলেছেন বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে। পাঠ্যপুস্তকে মুদ্রণ ও তথ্যগত যেসব ভ্রান্তি রয়েছে তা দ্রুত নিরসনের দাবি জানান।
এছাড়াও পাঠ্যপুস্তক পর্যালোচনায় গঠিত তদন্ত কমিটিতে জীববিজ্ঞানী, চিকিৎসাবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও প্রথিতযশা শিক্ষাবিদদের রাখা উচিত ছিল বলেও মন্তব্য করেছেন তিনি।
অনুষ্ঠানে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, আসিফ মাহতাবের উদ্ধত ও অশিক্ষকসুলভ আচরণ শিক্ষকরা যদি গ্রহণ করে, তাহলে তা গোটা সমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। শিক্ষাক্রম নিয়ে আসিফ মাহতাব ‘মিথ্যাচার করেছেন’ অভিযোগ করে তিনি বলেন, বইয়ে যা নেই, তা নিয়ে কথা বলেছেন। তৃতীয় লিঙ্গ আল্লাহর সৃষ্টি এবং আমাদের সংবিধান জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাকে গুরুত্ব দেয়। তার বক্তব্যে ধর্মের অপব্যবহার ও সংবিধান বিরোধিতা দেখা গেছে।
আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, আসিফ মাহতাব বই ছিঁড়ে ফেলে রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে। তাকে এ ঘটনায় অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিশ্ব শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম ও শিক্ষাবিদ মমতাজ লতিফ।
সময়ের আলো/এম