জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোতাহার হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক শাহেদ রানা।
সোমবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে ভোট শুরু হয় শেষ হয় দুপুর দেড়টায়।সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অনিরুদ্ধ কাহালি ভোটের ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, এবারের নির্বাচনে দুটি প্যানেলে শিক্ষকরা লড়াই করেছেন। উপাচার্যপন্থী বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ এবং উপাচার্য বিরোধী শিক্ষক ঐক্য পরিষদ। নির্বাচনে দুই প্যানেল মিলিয়ে মোট ৩০ জন পদপ্রত্যাশী শিক্ষক লড়াই করেছিলেন। এঁদের মধ্যে থেকে ১৫ জন নির্বাচিত হন।
নির্বাচনে সভাপতি পদে শিক্ষক ঐক্য পরিষদের প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হন আইবিএ-জেইউ বিভাগের অধ্যাপক মোতাহার হোসেন। আর অন্য দিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্যানেল থেকে রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা।
এ ছাড়া বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ থেকে যুগ্ম সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোঃ এজহারুল ইসলাম এবং সদস্য পদে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক আফসানা হক, ফার্মেসি বিভাগের কে. এম. খাইরুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের জহিরুল ইসলাম খন্দকার, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ফাহমিদা আক্তার, লোকপ্রশাসন বিভাগের মোঃ নুরুল আমিন, ভূগোল ও পরিবেশ বিভাগের রেজাউল রনি, প্রত্নতত্ত্ব বিভাগের সুফি মোস্তাফিজুর রহমান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সুব্রত বনিক নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে শিক্ষক ঐক্য পরিষদ থেকে সহ-সভাপতি পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ (সহ-সভাপতি), ইতিহাস বিভাগের খোঃ লুৎফুল এলাহী (সদস্য), আইবিএ বিভাগের অধ্যাপক আইরীন আখতার (সদস্য) নির্বাচিত হয়েছেন।
সময়ের আলো/জিকে