বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব: আজ আখেরি মোনাজাত

গাজীপুর প্রতিনিধি

জাতীয়

কহর দড়িয়া খ্যাত তুরাগ নদীর তীরে আজ সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাত

2024-02-11T07:54:23+00:00
2024-02-11T07:54:23+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব: আজ আখেরি মোনাজাত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫৪ এএম 
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব: আজ আখেরি মোনাজাত
কহর দড়িয়া খ্যাত তুরাগ নদীর তীরে আজ সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর জ্যেষ্ঠ ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতের আগে তিনি হেদায়েতি বয়ান করবেন। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এ আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা নিজামুদ্দিনের অনুসারী মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

আল্লাহর নৈকট্য লাভের আশায় ছুটে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণে ইজতেমার দ্বিতীয় দিন শনিবার মুখর হয়ে উঠেছে শিল্পনগরী টঙ্গী। সন্ধ্যার পর পুরো টঙ্গী শহর পরিণত হয় বিশাল জনসমুদ্রে। এদিকে আল্লাহ প্রদত্ত বিধিবিধান ও রাসুলের প্রদর্শিত তরিকা অনুযায়ী জীবন গড়তে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির জিকির-আসকার, ইবাদত-বন্দেগি আর পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ বয়ান শুনে ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত করেছেন।

বর্তমানে ইজতেমা ময়দানজুড়ে বিরাজ করছে এক পূর্ণময় পরিবেশ। দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা, বিশ্ব মুসলিম উম্মাহর সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি কামনা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ প্রার্থনা করে হেদায়েতি বয়ান করা হবে।

এদিকে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শনিবার দিনভরও চলে তাবলিগের ছয় উসূলের ওপর গুরুত্বপূর্ণ বয়ান। ফজরের পর তাবলিগের মৌলিক বিষয়ে বয়ান করেন সাদ কান্ধলভীর ছেলে মাওলানা সাঈদ বিন সাদ। তার বয়ান বাংলায় তরজমা করেন মুফতি ওসামা ইসলাম। এরপর সকাল সাড়ে ১০টায় মোয়াল্লেমদের (শিক্ষকদের) উদ্দেশে বয়ান করেন মাওলানা আবদুল আজিম (ভারত)। জোহরের পরে মাওলানা শরিফ (ভারত) বয়ান করেন। বাংলায় তরজমা করেন মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পরে মাওলানা ওসমান (পাকিস্তান) বয়ান করেন। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আজিম উদ্দিন। তার বয়ানের পর যৌতুকবিহীন ১৪টি বিয়ে পড়ানো হয়। বিয়ে পড়ান মাওলানা সাদ কান্ধলভীর জ্যেষ্ঠ ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এবার বয়ানের মিম্বরের পরিবর্তে মাশোয়ারার কামড়ায় বিবাহ পড়ানো হয়। এরপর বাদ মাগরিব মুফতি ইয়াকুব (ভারত) বয়ান করেন এবং তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ।
দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে ৬৪টি দেশের প্রায় ৭ হাজার ৮৪৮ জন (বিদেশি) মুসল্লিসহ প্রায় ৩০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে অনুমান করা হচ্ছে।

যান চলাচলে নিষেধাজ্ঞা : শনিবার রাত থেকে পরদিন বিকাল ৪টা পর্যন্ত ভোগড়া বাইপাস-টঙ্গী, আব্দুল্লাহপুর-টঙ্গী, মীরের বাজার-টঙ্গী এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশন মো. মাহবুব আলম।

অতিরিক্ত মাইক ব্যবস্থা : এদিকে মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিদের দুর্ভোগ কমাতে টঙ্গী, উত্তরাসহ আশপাশের ১০ কিলোমিটার এলাকাজুড়ে বিশেষ মাইকের ব্যবস্থা রয়েছে।

মোনাজাতে ভিআইপিদের অংশগ্রহণ : এবারের দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে মুক্তিযোদ্ধা মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ সফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান মাহবুব আলম অংশগ্রহণ করবেন।

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে গাজীপুরের টঙ্গীর শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বিশ্ব ইজতেমাকে ঘিরে টঙ্গীর বিভিন্ন স্থানে কাঁচা বাজার গড়ে উঠেছে। এসব বাজারে জিনিসপত্র চড়া দামে বিক্রি হচ্ছে। চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে। ইজতেমায় আগত মুসল্লিরা একপ্রকার বাধ্য হয়েই এসব জিনিসপত্র কিনছেন।

মুসল্লির মৃত্যু : এ পর্বের বিশ্ব ইজতেমার ময়দানে গত তিন দিনের ছয়জন মুসল্লির মৃত্যু হয়েছে। এ ছাড়া বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে আসার পথে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়। আহত হয় আরও দুজন।

সময়ের আলো/আরএস/ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: