ছাত্রলীগ সভাপতিকে সালাম না দেওয়ায় শিক্ষার্থীকে পেটালো অনুসারীরা

যবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতিকে সালাম না দেওয়ায় এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সভাপতি সোহেল

2024-02-17T21:26:42+00:00
2024-02-17T21:26:42+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
ছাত্রলীগ সভাপতিকে সালাম না দেওয়ায় শিক্ষার্থীকে পেটালো অনুসারীরা
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২৬ পিএম 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতিকে সালাম না দেওয়ায় এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সভাপতি সোহেল রানার অনুসারীদের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ও সোহেল রানার অনুসারী রকিসহ কয়েকজন মিলে এফএমবি বিভাগের মাঞ্জুরুল হাসান নামের এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার সময় যবিপ্রবির শহীদ মসীয়ূর রহমান (শ.ম.র.) হলের ৩০৮ নম্বর কক্ষে এ মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে ঐ শিক্ষার্থীকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী মো. মাঞ্জুরুল হাসান যবিপ্রবির ফিশারীজ এন্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি ও শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট বরাবর পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ পত্রে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, গতকাল (শুক্রবার) আনুমানিক রাত ১১.৩০ ঘটিকায় আমি শহীদ মসিয়ূর রহমান হলের ৩০১ নম্বর রুম থেকে বাহির হলে শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে সালাম না দেওয়া এবং লুঙ্গি পরিহিত অবস্থায় তার সামনে চলাচলের কারণে তার অনুসারী ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ রকি (বহিষ্কৃত), শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের (পিইএসএস) ইসাদ হোসেন একই বিভাগের আল-আমিন, মুশফিক ও শেখ বিপুল হাসান, ফার্মেসী বিভাগের রাইসুল হক রানাসহ (বহিষ্কৃত), বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজন মিলে আমাকে সোহেল রানার নির্দেশে ৩০৮ নং রুমের মধ্যে নিয়ে গিয়ে আমার বুকের উপরে পাড়া দিয়ে এলোপাথাড়ি মারপিট করে দম বন্ধ হওয়ার উপক্রম করে। আমার ডাক চিৎকারে হলের অন্যান্য ছাত্ররা এগিয়ে আসলে তারা খুন ও জখমের হুমকি দিয়ে চলে যায়।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা বলেন, আমি এ অভিযোগের বিষয়ে অবগত নই। হলের ভিতরে কে লুঙ্গি পরবে আর কে সালাম দিলো এ বিষয়ে আমার কোন মাথাব্যথা নেই। তবে গতকাল (শুক্রবার) আমাদের শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স এর কিছু ছেলে আমার রুমের সামনে জুনিয়রদের সাথে চিল্লাপাল্লা করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে আমি ও সাধারণ সম্পাদক তাকে ঝামেলা না করে রুমের সামনে থেকে চলে যেয়ে তাদের যার যার রুমে বসে আলোচনা করার কথা বলি। কে জিডি করেছে তা আমার জানা নেই, এ বিষয়ে আমি অবগত নই।

এ বিষয়ে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. তানভীর ইসলাম বলেন, গতকাল (শুক্রবার) রাতে মারামারির ঘটনা শুনে আমি আমার সহকারী প্রভোস্টদের নিয়ে হলে আসি। এসে দেখি ভুক্তভোগী শিক্ষার্থীর মাথায় পানি ঢালা হচ্ছে। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে আজ (শনিবার) একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। হলে অবস্থান করা বহিষ্কৃত শিক্ষার্থীদের বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সময়ের আলো/আরআই



  বিষয়:   যবিপ্রবি ছাত্রলীগ  সালাম না দেওয়ায় শিক্ষার্থীকে মারধর 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: