ইউরোপের বিভিন্ন দেশের অর্ধশতাধিক চিকিৎসক বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি তারা সাধারণ মানুষকে দিচ্ছেন বিনামূল্যে চিকিৎসাসেবা। কর্মসূচির অংশ হিসেবে শনিবার মৌলভীবাজারের ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালে ‘ফ্রি মেডিকেল ক্যাম্পে’ অংশ নেন এসব চিকিৎসক। এদিন তারা দেশের চিকিৎসকদের বিকল্প পথে রোগ শনাক্তের পরামর্শ দেন।
মেডিকেল টিমের এই বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা এ সময় দেশের চিকিৎসকদের সহযোগিতায় বিনামূল্যে সাধারণ মানুষকে বিভিন্ন রোগের স্বাস্থ্যসেবা প্রদান করেন। ইম্পেরিয়াল হাসপাতালের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। হাসপাতালটির এমন উদ্যোগের প্রশংসা করেন সেবা নিতে আসা রোগীরা। তারা বিশেষভাবে ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালের প্রতিষ্ঠাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুস শহীদ এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। এর আগে এসব বিদেশি চিকিৎসক সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে একই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেন। যুক্তরাজ্যভিত্তিক মানবিক সেবা সংস্থা তাফিদা রাকিব ফাউন্ডেশনের (টিআরএফ) আয়োজনে ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে ৪ মার্চ পর্যন্ত।
তার আগে গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) ও তাফিদা রাকিব ফাউন্ডেশনের (টিআরএফ) যৌথ আয়োজনে ঢাকায় ‘একবিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি, গবেষণা ও উদ্ভাবন’ বিষয়ক সম্মেলনে অংশ নেন সফররত এসব চিকিৎসক। এ সময় তারা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা, উদ্ভাবন ও নতুন নতুন গবেষণার তথ্য তুলে ধরেন। সম্মেলনে বিদেশি এসব বিশেষজ্ঞ চিকিৎসক ধরাবাঁধা পথে রোগ শনাক্ত করা ও চিকিৎসা দেওয়া সম্ভব না হলে সবসময় বিকল্প পন্থার কথা মাথায় রাখতে হবে বলে পরামর্শ দেন।
পুরো কর্মসূচি সম্পর্কে ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও বিপিএমসিএর সভাপতি এম এ মুবিন খান বলেন, আমরা সবসময় চাই বাংলাদেশের চিকিৎসা খাতের উন্নতি। দেশের চিকিৎসকরা যেন দেশে বসেই উন্নত সব টেকনোলজি ব্যবহার করে গবেষণা ও উদ্ভাবন বিষয়ে জানতে পারে সে জন্যই আমরা সম্মেলনের আয়োজন করেছি।
এ বিষয়ে টিআরএফের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা সেলিনা বেগম বলেন, বিভিন্ন দেশে দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করে আসছে তাফিদা রাকিব ফাউন্ডেশন। বাংলাদেশে আমরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি।