সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এবং নাবিকদের যেকোনো মূল্যে সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরত আনতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, এখন পর্যন্ত থাকা খবর অনুযায়ী নাবিকরা সুস্থ ও ভালো আছেন। প্রধানমন্ত্রী এবিষয়ে পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। অন্য জায়গাগুলোতে তিনি কথা বলেছেন। নাবিকদের নিরাপদে বাংলাদেশে ফেরত আনার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে আসন্ন ঈদুল ফিতরে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কর্মপন্থা গ্রহণের বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল। জাহাজটিতে ২৩ জন ক্রু রয়েছেন। অপহরণ হওয়া জাহাজ উদ্ধারের অগ্রগতি জানতে চাইলে নৌপ্রতিমন্ত্রী বলেন, আমাদের কথা হচ্ছে যে কোনো মূল্যে নাবিকদের আমরা বাংলাদেশে ফেরত আনতে বদ্ধপরিকর।
তিনি বলেন, বলা হচ্ছে সোমালিয়া থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি রয়েছে। জলদস্যু কারা এটাই এখনো চিহ্নিত করা যায়নি। ওই অঞ্চলটি সোমালিয়ান অঞ্চল সেটি বলা যেতে পারে। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, নৌ পরিবহন অধিদপ্তরসহ মেরিটাইম যতগুলো উইং আছে তারা কাজ করছে। সমন্বিতভাবে আমরা এটি নিয়ে আসতে পারবো। আমরা বসে নেই মঙ্গলবার বিকেল থেকেই এটা থেকে এক মুহূর্ত বিচ্যুত নই, সবসময় সংযুক্ত আছি। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা এ বিষয়ে অবহিত করেছি। জাহাজটাকে উদ্ধার করার জন্য আমরা সকলের সহযোগিতা চেয়েছি। আমরা প্রথম যে বিষয়টি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে, জাহাজে ২৩ জন নাবিক রয়েছেন, সেই ২৩ জন নাবিকের জীবন নিরাপদ রাখা, জীবন রক্ষা করে তাদের নিরাপদ জায়গায় নিয়ে আসাটা হচ্ছে আমাদের প্রথম কাজ।
নাবিকদের ফিরিয়ে আনতে কত সময় লাগতে পারে- জানতে চাইলে খালিদ মাহমুদ বলেন, যারা এখন জাহাজটি নিয়ন্ত্রণ করছেন তারা তো মানুষ না তারা জলদস্যু। মানুষের সঙ্গে কথা বললে আমি সময় নির্ধারণ করতে পারবো। এটা জলদস্যুদের বিষয়, জলদস্যু আর মানুষ এক নয়। তাই সময়টা এখানে সুনির্দিষ্টভাবে বলা যাবে না।
মুক্তিপণ না দিলে জিম্মিদের হত্যা করা হবে বলে জলদস্যুরা হুমকি দিচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের কাছে এই ধরনের সংবাদ এখন পর্যন্ত আসেনি।’ জলদস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করার জন্য কিছু সংগঠন আছে। জলদস্যুদের সঙ্গে আমাদের কোনো কার্যক্রম নেই। আমাদের সঙ্গে বিভিন্ন দেশের যোগাযোগ আছে। অলিভিয়া বন্দরে আমাদের জাহাজ আটকে পড়ার পর আমরা কিছু কিছু জায়গায় সহযোগিতা নিয়েছি বলে সেখানে সফলতা পেয়েছি। যেকোনো মূল্যে আমাদের নাবিকদের বাংলাদেশের ফেরত আনতে আমরা বদ্ধপরিকর।
সময়ের আলো/এম