ভারত মহাসগরে জিম্মি করা ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার হাবিয়ো বন্দরে নোঙর করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর এম মাকসুদ আলম।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ২টার আগে জাহাজটিকে নোঙর করে জলদস্যুরা। তবে এখনো পর্যন্ত দস্যুদের কেউ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি এবং তাদের কোনো দাবি জানায়নি।
এম মাকসুদ আলম বলেন, ধারণা করা হচ্ছে খুব শিগগিরই জলদস্যুরা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করবে।
জলদস্যুদের পর্যবেক্ষণকারী লন্ডন ও কুয়ালালামপুরভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো (আইএমবি) জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ জাহাজটি গ্যারাকাদ নোঙর এলাকা থেকে ২০ নটিক্যাল মাইল দূরে দস্যুরা নোঙর করে রেখেছে।
জাহাজের মালিক এসআর শিপিংয়ের মূল প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছি আমাদের জাহাজ সোমালিয়ার একটি বন্দরে নোঙর করেছে। তবে এখনো কেউ কোনো দাবি জানায়নি তারা।
এদিকে সোমালিয়ার জলদস্যুরা বৃহস্পতিবার এমভি আবদুল্লাহ জাহাজ নিয়ে নিজেদের এলাকায় পৌঁছার পর নাবিকদের ব্রিজ থেকে নিজ নিজ কেবিনে যাওয়ার সুযোগ দিয়েছে। জাহাজের কর্মকর্তা আতিকুল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় ফোন করে মালিক পক্ষকে এ তথ্য জানিয়েছেন।
সময়ের আলো/জিকে