সামাজিক যোগযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। ভিডিওটি ইউনিভার্সিটির ‘গালা নাইট’ নামে একটি প্রোগ্রামের। ব্র্যাক ইউনিভার্সিটিতে এমন অনুষ্ঠানের সমালোচনা করছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা ফেসবুকে পোস্ট দিয়ে কিংবা অন্য কারও পোস্টে মন্তব্য করে সমালোচনা করছেন।
জানা গেছে, ব্র্যাক ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি বাধ্যতামূলক আবাসিক সেমিস্টার রয়েছে। এই সেমিস্টারে ব্র্যাক ইউনিভার্সিটি তাদের শিক্ষার্থীদের সাভারের ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে (টার্ক) পাঠায়। ছড়িয়ে পড়া ভিডিওটি একটি ব্যাচের আবাসিক সেমিস্টারের একটি অনুষ্ঠানের। গত ১০ মার্চ এ অনুষ্ঠানটি হয়।
টার্ক নামের সেন্টারে ‘অপ্রয়োজনীয়’ প্রোগ্রাম বন্ধ করতে ইতোমধ্যে ব্র্যাক ইউনিভার্সিটিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটি পাঠানো আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এই টার্কের নামে শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়। অথচ তা শিক্ষার্থীদের কোনো কাজে আসে না। তাদের নীতি-নৈতিকতা বিবর্জিত অশ্লীল প্রোগ্রাম সামাজিক অনাচারে উৎসাহিত করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সময়ের আলো/জেডআই