মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দর এলাকায়।
বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের প্রতি গানস্যালুট প্রদর্শন করে। দিবসটি উপলক্ষে সেনাবাহিনীতে ৫১ জনকে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। অন্যদিকে নৌবাহিনীর অঞ্চলগুলোতে জাহাজগুলো সবার জন্য উন্মুক্ত রাখাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে নৌবাহিনীতেও ৭ জনকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন : আইএসপিআর জানায়, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনীতে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সেনাবাহিনীতে নানা আয়োজন অনুষ্ঠিত হয়। এ ছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ৫১ জনকে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৬ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ২৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ থেকেই কার্যকর হবে।
নৌবাহিনীর জাহাজ উন্মুক্ত ছিল : আইএসপিআর জানিয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীর জাহাজগুলো মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এগুলো হচ্ছে-ঢাকার সদর ঘাটে বানৌজা তিতাস, চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা প্রত্যাশা, খুলনায় বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) শহিদ আখতার উদ্দিন, তুরাগে বানৌজা নেভাল বার্থ দিগরাজ, বরিশালে মেরিন ওয়ার্কশপ জেটিতে বানৌজা শহিদ দৌলত, চাঁদপুরে বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা সালাম এবং নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটিতে বানৌজা অদম্য। এতে নৌবাহিনীর জাহাজগুলো পরিদর্শনের জন্য বিপুল জনসমাগম হয়। এ ছাড়াও দিবসটি উপলক্ষে নৌবাহিনী আরও নানা কর্মসূচি পালন করেছে বলে জানানো হয়েছে।
নৌবাহিনীতে সাত জনকে অনারারি কমিশন : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ৭ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে তাদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এমসিপিও থেকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। তারা হলেন-মোহাম্মদ সফিকুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ এয়ার উল্লাহ, মোহাম্মদ রেজাউল করিম, আবদুল্লা আল মুজাম্মেল, মোহাম্মদ আনোয়ার হোসেন এবং মোহাম্মদ ছলিম উল্যাহ মজুমদার। বাংলাদেশ নৌবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে।
বিইউপিতে স্বাধীনতা দিবস উদযাপন : পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পক্ষ থেকে জানানো হয়েছে, দিবসটির গুরুত্ব ও ঐতিহাসিক তাৎপর্য আগামী প্রজন্মের কাছে যথাযথভাবে উপস্থাপনের লক্ষ্যে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসটি পালন করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং ‘অসমাপ্ত মহাকাব্য’ ও ‘মুুজিবনগর : বাংলাদেশের প্রথম রাজধানী’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন। আলোচনা সভায় বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম স্বাধীনতা ও জাতীয় দিবসের ওপর তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন।