ক্যাম্পাস ছাত্ররাজনীতিমুক্ত থাকলে ক্লাসে ফিরবে বুয়েট শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত, অপশক্তির কবল থেকে মুক্ত এবং নিরাপত্তার নিশ্চয়তা দিলে সকল ব্যাচের শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রমে

2024-03-31T20:49:10+00:00
2024-03-31T20:55:30+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
ক্যাম্পাস ছাত্ররাজনীতিমুক্ত থাকলে ক্লাসে ফিরবে বুয়েট শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ৮:৪৯ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৪ ৮:৫৫ পিএম
ক্যাম্পাস ছাত্ররাজনীতিমুক্ত থাকলে ক্লাসে ফিরবে বুয়েট শিক্ষার্থীরা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত, অপশক্তির কবল থেকে মুক্ত এবং নিরাপত্তার নিশ্চয়তা দিলে সকল ব্যাচের শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রমে ফেরত যাবে বলে জানিয়েছেন। ইতিমধ্যে পরীক্ষাগুলোর নতুন তারিখ দেওয়ার আবেদন করেছেন বলেও জানান শিক্ষার্থীরা।

এছাড়া আন্দোলনে নতুন কোনো কমসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে চলমান সিদ্ধান্ত অর্থাৎ ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা।

রোববার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব কথা জানান।

রোববার সকাল সাতটা থেকে বুয়েট শিক্ষার্থীদের ক্যাম্পাসের শহীদ মিনারে জড়ো হওয়ার কথা থাকলেও তারা সেখানে যাননি। পরে বিকেলে এই সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, দফায় দফায় প্রতিবাদ জানানোর পরও ছাত্রলীগ সংশ্লিষ্টরা বুয়েটের শিক্ষার্থীদের অরাজনৈতিক ক্যাম্পাসের ইচ্ছাকে সম্মান না করে বুয়েট ক্যাম্পাসে পুনরায় ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার নানারকম উদ্যোগ নিয়েছে। ক্রমাগত অসন্তোষ এখন তীব্র আন্দোলনে রূপ নিয়েছে শুধুমাত্র একটি নিরাপদ ক্যাম্পাস চাওয়ার দাবি থেকেই। তাই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি ভুল প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য। আমরা শপথ করছি সকল রাজনৈতিক ও নিষিদ্ধ সংগঠন থেকে বুয়েটকে মুক্ত রাখার। আমরা আবরার ফাহাদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না।

ছাত্ররাজনীতি শুরু হলে সবাই ক্ষমতার শিকলে আবদ্ধ হবে উল্লেখ করে তারা বলেন, বুয়েট ক্যাম্পাসে ছাত্র-রাজনৈতিক কর্মকাণ্ডের চর্চা, কমিটি দেয়া, ক্যাম্পাসে শোডাউন, রাজনৈতিক সংগঠনের জনসমাবেশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজনীতি মুক্ত রাখার বিধি লঙ্ঘন। এছাড়া রাতে ক্যাম্পাসে প্রবেশ যেখানে বুয়েট শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ সেখানে রাত ৩টায় একটা রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক নেতারা দলেবলে প্রোগ্রাম করা অবশ্যই একটা স্বাভাবিক ঘটনা না এবং সাংগঠনিক রাজনীতির প্রভাবে ঘটা ঘটনা। বুয়েটের শিক্ষার্থীরা বরাবরই একটি নিরাপদ এবং রাজনীতি মুস্ত ক্যাম্পাস চেয়ে এসেছে, যেখানে ক্ষমতা চর্চার লোভ লালসার শিকলে আবারো জিম্মি হয়ে যাবে না সকলের নিরাপত্তা, শিক্ষাঙ্গনের উপযুক্ত পরিবেশ।

এখানে খুবই গুরুত্বের সাথে উল্লেখ্য যে, ২০১৯ এর ৭ অক্টোবর আবরার ফাহাদ হত্যার পর মাননীয় প্রধানমন্ত্রী ছাত্ররাজনীতির ব্যাপারে বুয়েটের আভ্যন্তরীণ সিদ্ধান্তে বুয়েটের স্বাতন্ত্র্যকে স্বীকৃতি দিলেও বাংলাদেশ ছাত্রলীগ বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের চাওয়াকে সম্মান করছে না এবং ২০২২ সালে ঢাবি ছাত্রলীগ নেতা বুয়েটে সমাবেশ/মিছিল করে হামলার হুমকি দেয়।

ছাত্ররাজনীতি বিমুখ মানেই স্বাধীনতা বিরোধী বা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি- কথার দ্বিমত পোষণ করে শিক্ষার্থীরা বলেন, বুয়েটের সকল ব্যাচের সকল শিক্ষার্থীরা সম্মিলিতভাবে দেশবাসীর সামনে একথা সৎ সাহসের সহিত সুস্পষ্টভাবে বলতে চায়, বুয়েটের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার চেতনায় দৃঢ়ভাবে বিশ্বাসী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সোনার বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্গীকার এবং প্রচেষ্টা তার সাথে বুয়েটের সকল শিক্ষার্থীরাই তাদের একাত্মতা পোষণ করে এবং নিজেদের সুযোগ্য প্রকৌশলী হিসেবে গড়ে তোলে তার জন্য অবদান রাখতে উদ্যামী। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি না চাওয়া মানেই মুক্তিযুদ্ধের পক্ষের মতাদর্শ থেকে দূরে সরে যাওয়া নয়। আমরা শুধু চাই ক্ষমতার লোভ এবং অপচর্চা আবারো এসে আমাদের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের জিম্মি করে না ফেলুক।

ছাত্ররাজনীতি না থাকায় ক্যাম্পাসের সকল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তারা বলেন, সুস্থ নেতৃত্ব এবং নৈতিকতা বিকাশের সকল উপাদান ক্যাম্পাসে ছাত্ররাজনীতির উপস্থিতি ব্যতীতও গত কয়েক বছরে উপস্থিত ছিল এবং এতে নেতৃত্বের চর্চায় শিক্ষার্থীরা তাদের উপযুক্ত পরিবেশ পেয়েছে। প্রতিটি ডিপার্টমেন্টের বাৎসরিক ফেস্টিভ্যাল আযোজন, প্রতিটি ডিপার্টেমেন্টের নিজস্ব সহশিক্ষা কার্যক্রম এবং একাডেমিক অর্গানাইজেশন, সামাজিক উন্নয়নমূলক কাজ, বিভিন্ন ক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে আনন্দের সাথে সম্পন্ন হচ্ছে। আবাসিক হল এবং ক্যাম্পাসে কোনো প্রকার রাজনৈতিক নেতৃত্ব এবং ক্ষমতা চর্চা ব্যতীত বিভিন্ন জাতীয় দিবসে সভা-সেমিনার আযোজন, জাতীয় সহশিক্ষা কার্যক্রম, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন এবং বিভিন্ন আন্তর্জাতিক সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ অর্জন সহ, ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবেই সম্পূর্ণ সফলতার সাথেই আয়োজিত হয়েছে।

রাজনীতি চর্চা না হওয়ায় শিক্ষার্থীরা গবেষণায় ঝুঁকছে উল্লেখ করে তারা বলেন, বর্তমান বুয়েটে শিক্ষার্থীবান্ধব পরিবেশ থাকায় নিজ নিজ প্রকৌশল ক্ষেত্রে শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি গবেষণামুখী কাজে মনোনিবেশ করতে অনুপ্রাণিত হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্নাতক পর্যায়ের শেষ বর্ষে গবেষণা নিয়ে থিসিস এর কাজ কারিকুলামে থাকা সত্ত্বেও দ্বিতীয় কিংবা তৃতীয় বর্ষ থেকেই শিক্ষার্থীরা গবেষণা মূলক কাজে যুক্ত হচ্ছে। একটি রাজনীতিবিহীন নিরাপদ ক্যাম্পাসের সৌন্দর্য সারাদেশ ব্যাপী জনগণের কাছে ব্যাপকভাবে প্রশংসিত এবং সমাদৃত হয়েছে। তাই, রাজনীতিমুক্ত বুয়েট ক্যাম্পাসের গত ৫ বছর এত সকল সফলতার পরেও ক্যাম্পাসকে নিয়ে নানা ধরণের অপবাদ দেওয়া কখনোই যৌক্তিক বলে মনে করে না বুয়েটের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয় বুয়েট ক্যাম্পাসে। বুয়েট শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার দিবাগত রাতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কার্যক্রম চালায়।

এ ঘটনায় বুয়েট শিক্ষার্থীরা ‌‘বুয়েটে সকল রকম রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ’ এই নীতিমালা ভঙ্গ করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমতিয়াজ রাব্বিকে হলের আসন বাতিল ও স্থায়ী একাডেমিক বহিষ্কারও নিশ্চিত করার দাবিসহ ৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন। শিক্ষার্থীদের দাবির মুখে শুক্রবার রাতে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বীর হলের আসন বাতিল করে বুয়েট প্রশাসন। এছাড়া বিষয়টি তদন্তে কমিটি গঠন ও প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: