বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনসহ বেনাপোল আইসিপি ও পুটখালী সীমান্ত পরিদর্শন করেছেন।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে সমাধি সৌধে গার্ড অব অনার প্রদান শেষে বিজিবি মহাপরিচালক কাশিপুরের স্থানীয় শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মহাপরিচালক।
তিনি যশোরের বেনাপোল আইসিপি পরিদর্শন করেন। বেনাপোল আইসিপিতে পৌঁছালে বিএসএফ কলকাতা ও কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডারগণ বিজিবি মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। বিজিবি মহাপরিচালক সেখানে উপস্থিত সকল পর্যায়ের বিএসএফ কর্মকর্তা ও জওয়ানদের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। বিজিবি মহাপরিচালক বেনাপোল আইসিপিতে বিজিবি’র দর্শক গ্যালারী ও ব্যাগেজ/লাগেজ স্ক্যানার এবং ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিজিবি মহাপরিচালক খুলনা ব্যাটালিয়ন ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীনস্থ পুটখালী বিওপি এবং চরের মাঠ সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
বিজিবি মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবি'র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এম