চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাস বন্ধ ঘোষণা করার পর প্রশাসনিক ভবনের মূল দরজায় তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে মূল দরজায় তালা দেন শিক্ষার্থীরা।
এসময় ভবনে অবস্থানরত উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার আটকা পড়েন। রাত সাড়ে আটটার দিকে তালা খুলে দেয়া হলে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন তিনজন। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সমন্বয় সভায় মিলিত হন উপাচার্যসহ কর্মকর্তারা।
শিক্ষার্থীদের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, আন্দোলনরতরা বিকেল পৌনে পাঁচটায় সংবাদ সম্মেলন করেন। ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে চুয়েটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, বন্ধের ঘোষণা দেয়া হলেও তারা হল ছাড়বেন না। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীরা সৃষ্ট পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলোচনায় বসারও আহ্বান জানান। তারা ১০ দফা দাবি জানালেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সেসব দাবির প্রতি শিক্ষার্থীরা একমত হতে পারেননি। এজন্য আন্দোলন অব্যাহত আছে। প্রশাসন কোন ধরনের আলোচনা না করে হল ত্যাগের নির্দেশ দিয়েছে। তাই কোনো শিক্ষার্থী হল ত্যাগ করবেন না। সংবাদ সম্মেলন শেষ করেই শিক্ষার্থীরা ছুটে যান মূল ভবনের দিকে। সেখানে গিয়েই তারা তালা লাগিয়ে দেন। রাত পৌনে আটটা নাগাদ রাঙ্গানিয়া থানা পুলিশের একটি টিম চুয়েট গেটের সামনে এসে অবস্থান নেয়। রাত সাড়ে আটটায় তালা খুলে দেয়া হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
সময়ের আলো/আরআই