তাপদাহ থেকে স্বস্তি পেতে শিশু-কিশোররা নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পুকুরের পানিতে। শুক্রবার তোলা। ছবি: শেখ ফেরদৌস
বৈশাখ মাস শেষ হলেও কমেনি গরম। কয়েকদিন ধরে দেখা নেই বৃষ্টির। উপরন্তু দেশের বেশিরভাগ এলাকায় বইছে তাপপ্রবাহ। দেশের চার বিভাগে আরও ৪৮ ঘণ্টার জন্য হিট আলার্ট ঘোষণা করা হয়েছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় সর্বত্রে ভ্যাপসা গরম বিরাজ করছে। গরমের তীব্রতায় ছোটবড় সবার হাঁসফাঁস অবস্থা। বাসা থেকে বের হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই খরতাপে অসহনীয় অবস্থায় পড়ছেন তারা। বাড়ির বাইরে বের হওয়ার জো নেই। বেরুলেই ঘেমে একাকার সবাই। প্রয়োজন ছাড়া সেভাবে ঘর থেকে বের হচ্ছে না অনেকে। বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। তাদের বাইরে না বেরিয়ে উপায় নেই। শুক্রবার বন্ধের দিন হওয়ায় রাজধানীর বেশিরভাগ দোকানপাঠ ছিলো বন্ধ। মানুষ চলাচল স্বাভাবিকের চেয়ে কম। যানজট ছিলো না বললেই চলে। জৈষ্ঠ্যের দাবদাহে রাজধানীবাসী শান্তি খুঁজেছেন শরবতের গ্লাসে, পানির বোতলে কিংবা শসার টুকরোতে। তবে, চলতি সপ্তাহেই বৃষ্টি হবে, এবং তাপমাত্রা কমবে বলে স্বস্থির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
পুরান ঢাকার রিকশ চালক আক্কাস বলেন, ‘যে গরম পরসে, টানা রিকসা চালাইলে মইরাই যামু। তাই এক ক্ষেপ দিয়া বিশ্রাম নেই, সরবত বা স্যালাইন খাইতে হয়। অর্ধেক বেলা চালাইয়া বাসায় যাই গা। ফলে রোজগারও কম হয় । শুক্রবার দুপুরে আখের রস খেতে খেতে তিনি বলেন, তার গ্রামের বাড়ি রংপুরেও এই বার প্রচন্ড গরম পড়েছে।
প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পুকুরের পানিতে শিশু কিশোরদের গোসল করতে দেখা যায়। এছাড়া বন্ধের দিন হওয়ায় অনেকেই বিভিন্ন রিসোর্টে গিয়ে ঘন্টার পর ঘণ্টা পানিতে ডুবে থাকেন। প্রচণ্ড৪ গরমে বেড়েছে তরল পানীয়ের চাহিদা। বিভিন্নস্থানে গড়ে উঠেছে অস্থায়ী সরবতের দোকান। অনেকেই স্বেচ্ছায় বিনামূল্যে স্যালাইন ও সরবত খাওয়াচ্ছেন পথচারীদের।
সংশ্লিষ্টরা বলছেন, সকালে সূর্যের আলো ফুটর সাথে সাথে গরম বাড়তে থাকে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অসহ্য গরম থাকে। বাতাসেও গরমে তীব্রতা টের পাওয়া যায়। সন্ধ্যার পর অস্বস্তিকর গুমট হয়ে ওঠে পরিবেশ, রাতেও ভ্যাপসা গরম। ঘুমানো যায় না। কেউ কেউ বলেছেন দিনে কয়েকবার করে গোসল করেও স্বস্তি পাচ্ছেন না। অনেকে আবার মেঝেতেও বিছানা পেতেছেন। নারী-শিশু-শিক্ষার্থীদের ভোগান্তির মাত্রা অন্যদের তুলনায় বেশি। এর সাথে যোগ হয়েছে লোডশেডিং। শহরের চেয়ে গ্রামাঞ্চলে লোডশেডিং এর মাত্রা বেড়েছে। বিশেষ করে রাতে লোডশেডিং ভোগান্তি বাড়িয়েছে।
পিজিসির তথ্যানুয়ায়ী, পিক আওয়ারে চাহিদা ১৫ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। ১ হাজার মেগাওটের মতো লোডশেডিং করতে হচ্ছে। শুক্রবার ডে পিক আওয়ার দুপুর বারোটায় দেশে বিদ্যুতের চাহিদা ছিলো ১৪ হাজার ৮৭০ মেগাওয়াট, উৎপাদিত হয়েছে ১৪ হাজার ৪৮৮ মেগাওয়াট। আর লোডশেডিং করতে হয়েছে ৩৬৫ মেগাওয়াট।
শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় অধিদফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপদাহ বয়ে যেতে পারে। এ সময় বাতাসে জলীয় বাষ্পে আধিক্যের কারণে গরমের অস্বস্তিকর অনুভূতি হতে পারে।
এদিন সন্ধ্যা ৬টায় ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিচু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এতে দেশের কিছু কিছু অঞ্চলে তাপদাহ প্রশমিত হতে পারে।
সংস্থাটি জানায়, আগামী রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু যায়গায় এবং রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক যায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের উত্তর ও উত্তরপূর্বাংশে কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
এছাড়া আগামী সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আর বর্ধিত ৫ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর আগে গত বুধবার আবহাওয়া অধিদফতর রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের জন্য ৪৮ ঘণ্টা তাপদাহ সতর্কতা ঘোষণা করেছিল।