সরকারি সফরে বাংলাদেশে এসেছেন সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পিটার কাকুয়া লাভাহুন এবং জাম্বিয়া মিলিটারি ট্রেনিং ইস্টাবলিশমেন্টের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল হিডন মইলু।
মঙ্গলবার (৪ জুন) সরকারি সফরে তারা বাংলাদেশে আসেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানিয়েছে, এ সফরকালে সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। লেফটেন্যান্ট জেনারেল পিটার কাকুয়া লাভাহুন এবং ব্রিগেডিয়ার জেনারেল হিডন মইলু আগামি ৬ জুন চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) অনুষ্ঠিতব্য ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ দেখার জন্য বাংলাদেশে এসেছেন। তাদের এই সফরের মধ্য দিয়ে সিয়েরা লিওন ও জাম্বিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে আশা করা যায়।
সময়ের আলো/জেডআই