বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার নয়াদিল্লির আইটিসি হোটেলের আবাস্থলে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সাক্ষাৎ করেন। এ সাক্ষাতে কি আলাপ হয়েছে তা জানা যায়নি।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান সরকারি সংবাদ সংস্থা বাসসকে জানান, বৈঠককালে দুই নেতা তাদেও ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে, এই বৈঠক নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম তিনটি ছবি প্রকাশ করলেও বিস্তারিত আর কিছু জানায়নি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবার নয়াদিল্লি পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকেই প্রথম ‘সম্মানিত’ অতিথি হিসেবে স্বাগত জানায় ভারতীয় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তাকে স্বাগত জানাতে দিল্লিজুড়ে দেখা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত ব্যানার। এই ব্যানারে লেখা ছিল, 'ভারতে স্বাগতম'।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 'আমাদের অন্যতম মূল্যবান অংশীদারের এই সফর বাংলাদেশ-ভারতের মধ্যকার ঘনিষ্ঠ ও গভীর বন্ধুত্বের বন্ধনকে আরও জোরদার করবে।’
সময়ের আলো/জিকে