টানা দুইদিন ধরে প্রবল বৃষ্টি ঝরছে দিল্লিতে। এই বৃষ্টি দিল্লির প্রচণ্ড দাবদাহ প্রশমিত করলেও রাজধানীর অনেক এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে প্রবল বৃষ্টির মধ্যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালের ছাদ ধসে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। দুর্ঘটনার পর টার্মিনাল-১ থেকে সব রকম ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দররের একজন মুখপাত্র।
শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৫টার দিকে ঘটা ওই দুর্ঘটনায় বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দিল্লির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
বিমানবন্দররের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই টার্মিনাল থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ইন্ডিগো এবং স্পাইসজেটের সব বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এক নম্বর টার্মিনাল থেকে শুধু অভ্যন্তরীণ ফ্লাইটের কার্যক্রম চলবে।
কর্মকর্তারা বলছেন, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের ছাউনি এবং কয়েকটি বিম ভেঙ্গে পার্কিং অংশে থাকা যানবাহনের ওপর পড়লে হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকাজ চলার সময় একজন ব্যক্তিকে বিধ্বস্ত একটি গাড়ি থেকে বের করতে দেখা গেছে। একটি বিম পড়ে গাড়িটি বিধ্বস্ত হয়েছিল।
দিল্লি বিমানবন্দরের এক বিবৃতিতে বলা হয়েছে, সকাল থেকে ভারি বৃষ্টির মধ্যে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের গাড়ি পার্কিং এলাকায় পুরাতন বহির্গমন অংশের ছাদ ভেঙ্গে পড়ে। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং জরুরি উদ্ধারকর্মীরা সেখানে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে, আহতদের চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে। এই দুর্ঘটনার পর সাময়িকভাবে টার্মিনাল-১ থেকে সব ধরনের বহির্গমন স্থগিত রাখা হয়েছে, এবং চেকইন কাউন্টারগুলোও বন্ধ রাখা হয়েছে।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু এক্স পোস্টে জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই প্রাথমিক উদ্ধারকর্মীরা সেখানে কাজ শুরু করেছেন। টার্মিনাল-১ এ থাকা ক্ষতিগ্রস্ত যাত্রীদেরকে সহায়তা দিতে সব এয়ারলাইন্সগুলোকে পরামর্শ দিয়েছি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
দিল্লির আবহাওয়া দপ্তর সফদরজং অবজারভেটরি বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার তথ্য দিয়েছে।
সময়ের আলো/আরআই