টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। যুক্তরাজ্যের
যুক্তরাজ্যের নির্বাচনে বিজয়ের পর উল্লসিত টিউলিপ সিদ্দিক। ছবি: এক্স
টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। যুক্তরাজ্যের লেবার পার্টির পক্ষে হ্যাম্পস্টেড এবং হাইগেট আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি।
শুক্রবার (৫ জুলাই) সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে নির্বাচন করা টিউলিপ সিদ্দিক ২৩ হাজার ৪৩২ ভোট (৪৮.৩%) পেয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ অ্যান্ড ইউনিয়নিস্ট পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র ৮ হাজার ৪৬২ (১৭.৪%) ভোট। তৃতীয় অবস্থানে আছেন গ্রিন পার্টি থেকে লরনা জেন রাসেল। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৬৩০। এ আসনে মোট প্রতিদ্বন্দ্বী ছিলেন ৭ জন।
এদিকে আরেক বাংলাদেশি পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে আপসানা বেগম ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। আপসানার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেইনফিট পেয়েছেন ৫ হাজার ৯৭৫, কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডউনিং ৪ হাজার ৭৩৮, স্বতন্ত্র প্রার্থী আপসানার সাবেক স্বামী এহতেশামুল হক ৪ হাজার ৫৫৪ ভোট পেয়েছেন।
এর আগে ২০১৫ সালে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে প্রথমবারের মত এমপি নির্বাচিত হন টিউলিপ। এরপর ২০১৭ ও ২০১৯ সালেও একই আসন থেকে জয়লাভ করেন।
জয়লাভের পর টিউলিপ সিদ্দিক তাকে ভোট দেয়া জন্য মানুষদের ধন্যবাদ জানান। তিনি হ্যাম্পস্টেড এবং হাইগেটের জনগণের উদ্দেশ্যে বলেন, যারা আমাকে ভোট দেননি, এমপি হিসেবে তাদের জন্যও কঠোর পরিশ্রম করব আমি।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক ১৬ সেপ্টেম্বর ১৯৮২ সালে যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৫ বছর বয়স থেকে তিনি হ্যাম্পস্টেড ও কিলবার্নে বসবাস করছেন। এই এলাকাতেই তিনি স্কুলে পড়েছেন এবং কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।