জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর দ্বিতীয় মেয়াদে নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে উপাচার্য এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁনও উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বহনকারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
পরে উপাচার্য এর নেতৃত্বে বুয়েটের মূল ফটক সংলগ্ন শহিদ মিনারের পাশে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ৩ জুলাই দ্বিতীয় মেয়াদে বুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। সেদিনই তিনি দায়িত্বগ্রহণ করেন। এর আগে ২০২০ সালের ২৫ জুন প্রথম মেয়াদে বুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।
সময়ের আলো/জেডআই