৯ম দিনের মতো জাবি শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলমান

জাবি প্রতিনিধি

শিক্ষা

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এটি প্রত্যাহারসহ তিন দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।বিশ্ববিদ্যালয়ের

2024-07-09T18:47:54+00:00
2024-07-09T18:47:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
৯ম দিনের মতো জাবি শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলমান
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৬:৪৭ পিএম 
৯ম দিনের মতো জাবি শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলমান
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এটি প্রত্যাহারসহ তিন দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পূর্বঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে ৯ম দিনের মত এই সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন তারা।

বেলা ১১ টার দিকে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি মৌন মিছিল বের করেন এবং মিছিলটি সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের নিচে এসে শেষ হয়। এরপর দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এক ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।

তাদের বাকি দাবিগুলো হলো প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন করা।

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, একটি রাষ্ট্রের সবগুলো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান একসাথে আন্দোলন করছে, শিক্ষার্থীরা মাঠে, শিক্ষকরা মাঠে অথচ রাষ্ট্র নীরব। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের থেকে গুরুত্বপূর্ণ কাজ কি হতে পারে? রাষ্ট্র আসলে কি করছে? শিক্ষকরা যে আন্দোলন করছে এটা একটি যৌক্তিক আন্দোলন, এটা কোনো বেতন ভাতার আন্দোলন না, এটা দেশের উচ্চ শিক্ষায় যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন। এই প্রত্যয় স্কিম যদি এতই ভাল হয় তাহলে আমলাদের, সেনাবাহিনীদের কেন এই স্কিমের আওতায় আনা হলো না। কেন শুরুতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই স্কিমের আওতায় নেওয়া হলো? প্রধানমন্ত্রীর তো নিজের এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসা উচিত ছিলো কিন্তু তিনি তো শিক্ষক সমাজের প্রতি বিন্দু মাত্র সম্মান প্রদর্শন করছেন না।

তিনি আরো বলেন, চলমান ছাত্র আন্দোলনে আমার পূর্ণ সমর্থন রয়েছে৷ ২০১৮ তেও কোটা বিরোধী আন্দোলনে আমার নৈতিক সমর্থন ছিলো, এখনও আছে। আমি শিক্ষার্থীদের আহ্বান করবো, এই আন্দোলনে জয়ী না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য।

অবস্থান কর্মসূচিতে জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, আমাদের অলরেডি একটা পেনশন স্কিম আছে এবং সেটা নিয়ে আমরা সন্তুষ্ট এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু তারপরেও আমাদের কেন আরেকটি পেনশন স্কিমের আওতায় নেওয়া হলো। মাননীয় প্রধানমন্ত্রী এই পেনশন স্কিম চালু করার সময় বলেছিলেন সমাজের যারা পেনশনের বাইরে তাদের জন্য এই পেনশন স্কিম কিন্তু আমরা তো পেনশন পাই তাহলে আমাদেরকে কেন এই প্রত্যয় স্কিমের আওতায় আনা হলো। আমরা এখানে যারা আন্দোলন করছি তারা কিন্তু এই পেনশন স্কিমের বাইরে, আমাদের আন্দোলনটা মূলত পরবর্তী প্রজন্মের জন্য। এই পেনশন স্কিম বহাল থাকলে পরবর্তীতে মেধাবীরা আর শিক্ষকতা পেশায় আসতে চাইবে না যার ফলে দেশ একটা বড় ক্ষতির সম্মুখীন হবে।

এসময় তিনি চলমান ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, আমাদের ছাত্ররা রাস্তায় আন্দোলন করছে, আমরা চাই এর সুষ্ঠ একটা সমাধান হোক। পরবর্তী শুনানিতে যেন ছাত্রদের পক্ষে হাইকোর্ট থেকে রায় আসে। মাননীয় প্রধানমন্ত্রী যে পরিপত্র জারি করেছিল সেটাই যেন বহাল থাকে।

উল্লেখ্য, সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে গত ২০ মে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তার ধারাবাহিকতায় ২৬ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করেন শিক্ষকরা। পরবর্তীতে গত ৩০ জুন পূর্ণ কর্মবিরতি পালন করা হয় এবং পরবর্তী দিনগুলোতে সর্বাত্মক কর্মবিরতি আহ্বান জানান আন্দোলনরত শিক্ষকরা।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: