যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যুদ্ধাপরাধী নেতানিয়াহুর মিথ্যার ফুলঝুরি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসের দুই কক্ষের যৌথ সভায় বুধবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ভাষণ দিয়েছেন, তা ‘মিথ্যায় ভরা’ বলে মন্তব্য করেছে

2024-07-26T00:39:50+00:00
2024-07-26T00:39:50+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যুদ্ধাপরাধী নেতানিয়াহুর মিথ্যার ফুলঝুরি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ১২:৩৯ এএম 
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যুদ্ধাপরাধী নেতানিয়াহুর মিথ্যার ফুলঝুরি
মার্কিন কংগ্রেসের দুই কক্ষের যৌথ সভায় বুধবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ভাষণ দিয়েছেন, তা ‘মিথ্যায় ভরা’ বলে মন্তব্য করেছে হামাস। ভাষণের পর নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের বিরোধিতা করেছেন আরও বেশ কয়েকজন ডেমোক্রেটিক আইনপ্রণেতা। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনেও নেতানিয়াহুর ভাষণ বিশ্লেষণ করে মিথ্যার ফুলঝুরি পাওয়া গেছে। এদিকে ইসরাইলি শীর্ষ নেতার যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

দ্য গার্ডিয়ানের ভাষণ বিশ্লেষণ : কংগ্রেসে দেওয়া ভাষণে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি লজ্জাজনকভাবে ইসরাইলের বিরুদ্ধে গাজার বাসিন্দাদের উদ্দেশ্যমূলকভাবে না খাইয়ে রাখার অভিযোগ করেছেন। তবে অক্সফামের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক দ্য গার্ডিয়ান স্যালি আবি খলিলকে উদ্ধৃত করে বলেছে, এটি নিরেট ও ডাহা মিথ্যা। এটি পুরোপুরি বানোয়াট কথা। গাজায় আন্তর্জাতিক ত্রাণ তৎপরতা চালানোর পথ সুগম করতে ইসরাইলি কর্তৃপক্ষ শুধু ব্যর্থই হয়নি; বরং সক্রিয়ভাবে বাধা দিয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক লোকজনকে নিশানা বানাচ্ছে বলে অভিযোগ করেছেন আইসিসির কৌঁসুলি। বেসামরিক ফিলিস্তিনিরা যাতে নিরাপদ স্থানে সরে যান, সে জন্য আইডিএফ (ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী) লাখ লাখ প্রচারপত্র ফেলেছে, লাখ লাখ খুদে বার্তা পাঠিয়েছে ও হাজার হাজার ফোন কল করেছে।’ তবে দ্য গার্ডিয়ান বলছে, বাস্তবে আইডিএফ ফিলিস্তিনিদের লক্ষ করে কিছু প্রচারপত্র ফেলেছে বা বার্তা পাঠিয়েছে। এর উদ্দেশ্য ছিল, কোনো এলাকায় ইসরাইলি বাহিনীর হামলার অভিপ্রায় সম্পর্কে ফিলিস্তিনিদের অবগত করা। কিন্তু বেসামরিক ফিলিস্তিনিদের হামলার শিকার হওয়া থেকে রক্ষায় ব্যর্থ হয়েছে এ পদক্ষেপ। চলতি সপ্তাহেও এর প্রতিফলন দেখা গেছে। ওসিএইচএর প্রধান আন্দ্রিয়া ডি ডোমিনিকো দ্য গার্ডিয়ানকে বলেন, গাজার বাসিন্দাদের ৯০ শতাংশ অন্তত একবার ও অনেকে ১০ বার পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন। ইসরাইলি বাহিনী কিছু এলাকা ‘মানবিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে। কিন্তু ইতিপূর্বে নিরাপদ ঘোষিত এলাকায়ও বিমান হামলা চালাতে দেখা গেছে।

ভাষণে নেতানিয়াহু বলেন, ‘হামাস আত্মসমর্পণ করলে, নিরস্ত্র হলে ও সব জিম্মিকে ফিরিয়ে দিলে গাজায় যুদ্ধ শেষ হতে পারে আগামীকালই। কিন্তু হামাস যদি তা না করে, তবে তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করা, গাজায় তাদের শাসনের অবসান ঘটানো ও আমাদের সব জিম্মিকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত ইসরাইল লড়াই চালিয়ে যাবে।’ তবে দ্য গার্ডিয়ান বলছে, প্রকৃতপক্ষে নেতানিয়াহুর ভাষণে গাজায় এমনকি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়েও কোনো কিছু উল্লেখ নেই; যদিও তিনি সমঝোতা চলছে বলে জানিয়েছেন। গত মাসে ইসরাইলি বাহিনী যে অভিযান চালিয়ে ৪ জিম্মিকে উদ্ধার ও অন্তত ২৭৪ ফিলিস্তিনিকে হত্যা করে, সেই ঘটনার প্রশংসা করেছেন তিনি।

বার্নিসহ মার্কিন আইনপ্রণেতাদের ক্ষোভ : ভাষণের পর বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারের মুখোমুখি হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর কারণ। তার চরমপন্থি সরকার ফিলিস্তিনে সহায়তা বন্ধ করে চলেছে। তিনি আরও লেখেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী শাসক।

স্যান্ডার্স অন্যান্য ডেমোক্রেটিক সিনেটরদের সঙ্গে বক্তৃতা বর্জন করেছিলেন। নেতানিয়াহুকে কংগ্রেসে আসার বিষয়ে চরম বিরোধিতা করেন। আরও অনেক ডেমোক্রেট নেতা নেতানিয়াহুর ভাষণ বর্জন করেছেন। তারা বলছেন, গাজার যুদ্ধ ও নেতানিয়াহুর জনপ্রিয়তা বৃদ্ধির এই ভাষণে অংশগ্রহণ করতে চান না। গাজায় যুদ্ধের কারণে ৩৯ হাজারের বেশি বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সিনেটর ক্রিস ভ্যান বলেছেন, নেতানিয়াহুর জন্য এই ভাষণ ইসরাইলে সমর্থন বাড়ানোর চেষ্টা। আমি এই প্রতারণার অংশ হতে চাই না। সিনেট ফরেন রিলেশন্স কমিটির সদস্য সিনেটের ডেমোক্রেট নেতা ডিক ডারবিন, টিম কেইন, জেফ মের্কলি এবং ব্রায়ান শ্যাটজ এবং সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির পরিচালক প্যাটি মারেও ভাষণটি বর্জন করবেন। প্রতিনিধি পরিষদে বর্জনকারীদের মধ্যে রয়েছেন রাশিদা তালিব, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ, অ্যামি বেরা এবং আর্মড সার্ভিসেসের শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডাম স্মিথ।

ভাষণ ‘মিথ্যায় ভরা’ : নেতানিয়াহুর ভাষণ ‘মিথ্যায় ভরা’ বলে অভিযোগ করেছে হামাস। তারা বলেছে, মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ মিথ্যা অভিযোগে পূর্ণ ছিল এবং তার ভাষণে এটিও স্পষ্ট হয় যে-তিনি গাজায় যুদ্ধ শেষ করতে চান না। হামাস বলেছে, নেতানিয়াহু মিথ্যা বলেছেন যে-তার সেনাবাহিনী রাফাহ হামলায় একজন বেসামরিক নাগরিককেও হত্যা করেনি। তারা আরও বলেছে, ‘নেতানিয়াহুর ভাষণ থেকে এটি স্পষ্ট যে তিনি গাজায় আগ্রাসন শেষ করতে চান না। নেতানিয়াহু যুদ্ধের পরিধি প্রসারিত করা এবং সমগ্র অঞ্চল দখল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে সমর্থনের জন্যই সেখানে গেছেন বলে তারা উল্লেখ করেন।

ওয়াশিংটনে বিক্ষোভ : নেতানিয়াহুর সফরকে ঘিরে বুধবার ওয়াশিংটনে হাজার হাজার মানুষ গাজায় চলমান যুদ্ধ বন্ধে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেসটাইন’ স্লোগান দিতে থাকেন। অন্যদিকে পুলিশ বেশ কয়েকটি মিছিলে বাধা প্রদান করে; পিপার স্প্রে নিক্ষেপ করে।

গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৩৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা মূলত বিক্ষোভে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। বিক্ষোভে অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। একই সঙ্গে তারা ‘নেতানিয়াহুকে গ্রেফতার করো’, ‘ইসরাইলে মার্কিন সাহায্য বন্ধ করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। এমনকি ওয়াশিংটনের ইউনিয়ন স্টেশনে মার্কিন পতাকা সরিয়ে উল্লাসের সঙ্গে ফিলিস্তিনের পতাকা স্থাপন করা হয়। একই সঙ্গে বিক্ষোভকারীরা বলতে থাকেন, ‘নেতানিয়াহু, তুমি লুকিয়ে থাকতে পারবে না। তুমি গণহত্যা চালাচ্ছ।’

নেতানিয়াহু কংগ্রেসে উপস্থিত হওয়ার কথা শুনে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ওই স্থানে অগ্রসরের চেষ্টা করে। তবে ভবনের কাছে যাওয়ার পূর্বেই পুলিশ বাধা দেয়। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, কয়েকজন বিক্ষোভকারী ‘সহিংস’ আচরণ করায় ও ‘আদেশ অমান্য করায়’ তাদের ওপর পিপার স্প্রে নিক্ষেপ করা হয়েছে।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: