শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবর জানাজানির পর রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের বিভিন্ন থানায় হামলা চালিয়ে লুট করা অসংখ্য আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে সেনাবাহিনীর অভিযান চলছে। এরইমধ্যে বৃহস্পতিবার (৮ আগস্ট) সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, মহাখালী, হাজারিবাগসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫১টি অস্ত্র এবং ১৩ হাজার ৮৭০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। অপরদিকে সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে ব্যাপক অভিযান পরিচালনা করে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বলে জানা গেছে।
জানা গেছে, লুট হওয়া এসব অস্ত্র দিয়ে বিভিন্ন এলাকায় দুষ্কৃতিকারীরা গণ ডাকাতির ঘটনাও ঘটিয়ে যাচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের মিডিয়া শাখা থেকে জানা গেছে, বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, আদাবর, হাজারীবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, মহাখালীসহ বিভিন্ন এলাকায় লুট হওয়া অস্ত্র ও গুলির উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানকালে ওইসব এলাকায় গিয়ে মাইকে ঘোষণা দিয়ে দশ মিনিটের সময় নির্ধারণ করে এর মধ্যে যার যার কাছে অবৈধ অস্ত্র অথবা থানা থেকে নিয়ে যাওয়া অস্ত্র-গুলি আছে সেগুলো জমা দিতে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ওইসব এলাকা থেকে ৩৫১টি অস্ত্র এবং ১৩ হাজার ৮৭০ রাউন্ড গুলি জমাদানের মাধ্যমে উদ্ধার হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এসব আগ্নেয়াস্ত্র সাধারণ মানুষের হাতে থাকায় এলাকাভিত্তিক আতঙ্ক তৈরি হয়েছিল। সেনা অভিযানে অস্ত্রগুলো উদ্ধারের পর ওইসব এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা যায়।
সময়ের আলো/জেডআই