ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুই মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের পৃথক বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।
জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় অধ্যক্ষ ডা. শফিকুলর আলম চৌধুরীর সাক্ষরে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সভায় আরো পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সকল শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, ডা. শহীদ ফজলে রাব্বী ছাত্রাবাস, ও ডা. চৌধুরী আব্দুল আলীম ছাত্রীবাসে সকল ছাত্ররাজনীতি (ছাত্রলীগ,ছাত্রদল, ছাত্রশিবির, অন্যান্য ও নতুনভাবে গঠিত কোন সংগঠন) স্থায়ী ভাবে নিষিদ্ধ থাকবে।
ভবিষ্যতে কোন শিক্ষার্থীকে ক্যাম্পাসে বা হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে রাজনীতি আনয়ন, চর্চা, রাজনৈতিক কর্মসুচি পালন এবং তাতে অন্যদের আহবান,এবং তাদের সমর্থন মুলক কর্মকান্ডে প্রচার প্রচারনায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধ ক্যাস্পাস ও হোস্টেল থেকে তাৎক্ষনিক শাস্তিমুলক ব্যবস্থ গ্রহন করা হবে।
তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে গত ১২ জুনে একাডেমিক কাউন্সিলের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট ছাত্রদের ডা. ফজলে রাব্বী ছাত্রাবাসে অবস্থান, একাডেমিক ক্লাশ ও ক্যাম্পাসে আগমনে নিষিদ্ধ করনের সিদ্ধান্ত গতকাল শনিবারের একাডেমিক কাউন্সিলের জরুরি সভাার সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
এদিকে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহাদাত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ ক্যাম্পাস ও হলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে সব ধরনের রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির এবং অন্যান্য যেকোনো রাজনৈতিক দল) এবং রাজনৈতিক-অরাজনৈতিক লবিং ও ক্লাব সমূহের কার্যক্রম সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এর আগে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক-সন্তপ্ত পরিবারের সব সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
এছাড়াও বৈধ শিক্ষার্থী ছাড়া বহিরাগতদের অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করাসহ চলমান সব ব্যাচের শিক্ষার্থীদের অবিলম্বে হলে ফেরার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সব শিক্ষার্থীর নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সময়ের আলো/এম