পদত্যাগের হিড়িক উচ্চ শিক্ষাঙ্গনে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্তত ১০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগ

2024-08-12T00:56:17+00:00
2024-08-12T00:56:17+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
পদত্যাগের হিড়িক উচ্চ শিক্ষাঙ্গনে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ১২:৫৬ এএম 
পদত্যাগের হিড়িক উচ্চ শিক্ষাঙ্গনে
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্তত ১০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার গঠনের পর বদলে যেতে থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র। দলীয় মনোভাবাপন্ন উপাচার্যদের পদত্যাগের দাবিতে সরব হয়ে উঠেছে শিক্ষার্থীরা। দাবির পরিপ্রেক্ষিতে অথবা নিজে থেকেই পদত্যাগ করছেন তারা। যেসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখনও পদত্যাগ করেননি তাদের পদত্যাগে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। 

রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, রেজিস্ট্রার, হল প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালককে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এই দাবিতে শিক্ষার্থীরা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ করে। আলটিমেটামের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং রেজিস্ট্রারসহ পুরো প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেছে। এদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন পদত্যাগ করেন। সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে এর আগে শিক্ষার্থীরা রোববারের মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দেন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির। উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন স্বাক্ষরিত চিঠিতে তিনি বলেন, ‘আমি আমার ব্যক্তিগত কারণে উপাচার্যের পদ থেকে এই পত্রের মাধ্যমে অদ্য অপরাহ্নে পদত্যাগ করিতে আপনার নিকট পদত্যাগপত্র পেশ করিলাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন অব্যাহত থাকুক এ কামনা করছি। পদত্যাগপত্র গ্রহণ করে আমাকে বাধিত করিবেন।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইদুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মোস্তারি, পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. রফিকুল আলম পদত্যাগ করেছেন। আগেই প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামসহ প্রক্টরিয়াল বডি পদত্যাগ করে। 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মিহির রঞ্জন হালদার ও সহ-উপাচার্য অধ্যাপক সোবহান মিয়ার পদত্যাগ দাবি করেছে কুয়েট শিক্ষক সমিতি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও কার্যক্রম নিষিদ্ধ করে রাজনীতিমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

চাঁদপুর প্রতিনিধি জানায়, ২৪ ঘণ্টার মধ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ড. নাসিম আখতার এবং রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের আয়োজন করে সর্বস্তরের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন খান ও তাজনীন তাজ ছোঁয়া।

শিক্ষার্থীরা জানায়, ২০২০ সালে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত যতগুলো বাজেট এসেছে এবং সেই বাজেটের টাকাগুলো কোথায় এবং কীভাবে খরচ হয়েছে তার একটি যৌক্তিক প্রতিবেদন আমরা প্রত্যাশা করি। 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরসহ ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে আন্দোলনকারী সমন্বয়কারী পারভেজ বলেন, আমরা চাচ্ছি এই স্বৈরাচার ভিসি এই ক্যাম্পাসে আর অবস্থান করবেন না। আমরা এই ভিসিকে আর দেখতে চাই না। আমরা চাই এই ভিসি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করুক।

আগের দিন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণের’ কথা বলেছেন ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের এই অধ্যাপক। গত বছরের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পর ৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন মাকসুদ কামাল। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করেছেন। আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বেও ছিলেন তিনি। সরকার পতনের প্রেক্ষাপটে তিনি পদ থেকে সরে দাঁড়ালেন।

পদত্যাগ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। শনিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। 

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুরুতেই গত মঙ্গলবার পদত্যাগ করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল ও প্রক্টর অধ্যাপক ড. হারুন-উর রশীদ। এদিন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা তাদের পদত্যাগের জন্য তিন ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন।

বুধবার পদত্যাগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ সাহাবুদ্দিনের কাছে ই-মেইলে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে তিনি বলেন, আপনার আদেশক্রমে আমাকে গত ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে ৩৭.০০.০০০০৭৯.১১.০২৩.১২.৩৪৭ নং স্মারকের পত্রের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা যায়। পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন বলে জানা গেছে। একই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম (প্রশাসন), অধ্যাপক হুমায়ুন কবীর (শিক্ষা), প্রক্টর আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদসহ প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন। 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ পদত্যাগ করেন। গত শুক্রবার তিনি পদত্যাগ করেন। এদিন বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের জন্য ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অনেক বিশ্ববিদ্যালয়ে প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্টরা পদত্যাগ করেছেন।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: