জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে মোখলেসুর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোখলেসুর রহমানের নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে। আর মেজবাউদ্দিন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রসারণ মন্ত্রণালয়ে ন্যস্ত থাকবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, মোখলেসুর রহমানকে ২০১৫ সালে সরকার জোরপূর্বক অবসরে পাঠিয়েছিল। এর আগে দীর্ঘ পাঁচ-ছয় বছর তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি ছিলেন। তিনি এর আগে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশনের সচিব এবং সরকারি কর্মকমিশনের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশে ও দেশের অভ্যন্তরে সফরকালে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টাদের বিদায় সংবর্ধনা ও স্বাগত জানানোর ক্ষেত্রে নীতি নির্ধারণ করে নতুন নির্দেশাবলি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত মঙ্গলবার এই নির্দেশাবলি জারি করা হয়। এতে বলা হয় বিদেশ সফরের ক্ষেত্রে উপদেষ্টাদের গমন ও প্রত্যাবর্তনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব অথবা যুগ্ম সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
এছাড়া দেশের অভ্যন্তরে সফরকালে উপদেষ্টাদের অভিপ্রায় অনুযায়ী তাদের ঢাকা ত্যাগ ও প্রত্যাবর্তনস্থলে মন্ত্রণালয় বা বিভাগের উপদেষ্টার একান্ত সচিব উপস্থিত থাকবেন। জেলা সদরে যথাসম্ভব জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠতম কর্মকর্তা উপদেষ্টাকে আগমন ও বিদায়ের স্থানে অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। জেলা সদরে উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসক অথবা পুলিশ সুপারের নিজের সরকারি সফর বাতিল বা পরিবর্তন করার প্রয়োজন হবে না।
এরূপ ক্ষেত্রে জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার উপদেষ্টাকে অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। তবে জেলা প্রশাসক আগেই নিজের সফরসূচি জারি করে থাকলে উপদেষ্টার সফরসূচি পাওয়ার পরই উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হবেন যে জেলা প্রশাসকের সদরে থাকা আবশ্যক কি না। উপদেষ্টা এরূপ ইচ্ছা প্রকাশ করলে সে ক্ষেত্রে জেলা প্রশাসক তার সফরসূচি বাতিল করবেন।
উপজেলা সদর অথবা উপজেলার অন্য কোনো স্থানে উপদেষ্টার সফরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠতম কর্মকর্তা উপদেষ্টাকে অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। আবশ্যক না হলে জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপারের এ ক্ষেত্রে উপস্থিত থাকার প্রয়োজন নেই। উপদেষ্টার আগমন ও প্রস্থানের সময় আবশ্যক না হলে বিমানবন্দর বা রেলস্টেশনে জেলা প্রশাসক ঢাকা বা চট্টগ্রাম বা কক্সবাজার-এর উপস্থিত থাকার প্রয়োজন নেই। পুলিশ সুপার কক্সবাজার বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।