জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ঢাকা সফরে আসছেন। তার সফর চূড়ান্ত করতে কূটনীতিকরা কাজ করছেন। এদিকে, বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের সময় যেসব সহিংসতা এবং হতাহতের ঘটনা ঘটেছে সেসব ঘটনার তদন্ত ইস্যুতে প্রাথমিকভাবে ঢাকায় আসা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন (কারিগরী সহযোগি দল) বুধবার তাদের কাজ শেষ করেছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, শিক্ষার্থী আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠাকে প্রাধান্য দিচ্ছেন। তিনি বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন। হাইকমিশনার ভলকার তুর্ক আসন্ন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকা সফর করতে পারেন। এই বিষয়ে কূটনীতিকরা কাজ করছেন।
এদিকে, শিক্ষার্থী আন্দোলনের সময় সহিংসতার ঘটনা তদন্ত করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। ওইসব সহিংসতা তদন্তের অংশ হিসেবে গত ২২ আগষ্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মুনগোভেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল ঢাকায় আসেন। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের মূল দলটি কীভাবে কাজ করবে, সরকারের প্রত্যাশা কী ইত্যাদি বিষয়ে আলোচনার জন্যই জাতিসংঘের ৩ সদস্যের ওই দলটি ঢাকায় আসেন। তারা ঢাকায় এসে সরকার এবং সুশীল সমামজের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেন। বৃহস্পতিবার ওই দলের কাজ শেষ হয়। আগামী সপ্তাহে আরো একটি দল ঢাকা সফর করতে পারে।
সময়ের আলো/জেডআই