ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। দুই দেশের মধ্যে এই বিষয়ে আগে থেকেই চুক্তি করা আছে। ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোববার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।
ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ফেরত চাইলে দিতে হবে সেটি আমি মিন করিনি। আমি বলেছি যে যদি লিগ্যাল প্রশ্ন আসে আমরা তো ফেরত চাইতেই পারি। যদি আইন আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য তখন সে ব্যবস্থা করার চেস্টা করব।
ফেরত দেওয়ার বিষয়ে ভারতের কোনো বাধ্যবাধকতা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয়। চুক্তি আছে আমাদের। চাইলে দিতে পারার কথা। এখানে লিগ্যাল প্রসেস থাকে। আমি জানি না সেটা কিভাবে হবে। যদি লিগ্যাল সিস্টেম চায় তাকে ফেরত আনতে হবে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব।
ভারতে শেখ হাসিনার অবস্থানের স্ট্যাটাসটা কি, তিনি কি হিসাবে থাকছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা বরং ভারতীয়দের জিজ্ঞেস করুন। লাল পাসপোর্ট অটোম্যাটিকালি বাতিল হয়েছে। এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কি স্ট্যাটাসে তিনি সেখানে আছেন।
বাংলাদেশে চলমান ভারতের প্রকল্পগুলো গত আগস্টে সরকার পরিবর্তনের পর থমকে আছে, এর পেছনে কারণ কী? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোন বিপ্লবী কর্মকাণ্ডের পর কিন্তু একটু ক্যাওয়াজ থাকতেই পারে। আমাদের এখানে তো আইনশৃঙ্খলা নিয়ে একটু সমস্যা ছিল, সেটা অস্বীকার করে লাভ নেই। সেটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। আস্তে আস্ত সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। সবকিছু নরমাল হলে তারা (ভারত) নিরাপত্তা বোধ করবেন এবং তারাও আসবেন। কারণ চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে।
সময়ের আলো/জিকে