ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে আহতদের আর্থিক সহায়তা শুরু হবে এবং পরবর্তীতে এককালীন ও মাসিক হিসেবে আর্থিক সহায়তা করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারর্গকে সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে শহিদ মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সেক্রেটারি (সম্পাদক) করে সাত সদস্যের ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ৮০০ শহিদ এবং ২০ হাজারে বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৭০০ পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। সব পরিবারের সঙ্গে যোগাযোগ শেষ হলে স্মরণসভা করা হবে।
ফাউন্ডেশনে অনুদান দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে ১০০ কোটি টাকার চেক গ্রহণ করেছি। আমি দেশবাসীকে অনুরোধ করব এবং যারা দেশে বাইরে আছেন তাদেরকেও বলব যে, আপনাদের দান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ইতিমধ্যে আহত অবস্থায় আছে, ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের চিকিৎসা খুব দ্রুত শুরু করা আপনাদের এ অনুদান খুবই গুরুত্বপূর্ণ। কারণ চিকিৎসা যত বিলম্বে হবে, দেরি করে হবে, আহতের সংখ্যা তত বাড়বে। আপনাদের কাছে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে দাঁড়ান। দান করা শুরু করুন।
বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা চাইলে যেকোনো খাতে অনুদান দিতে পারেন। এই ফান্ডটি আমরা সরকারি ত্রাণ তহবিল থেকে শুরু করলাম। এখন দেশের সবার কাছে অনুদানের জন্য আহ্বান জানাচ্ছি।
এ সংবাদ সম্মেলনে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি শহিদ মুগ্ধর যমজ ভাই মাহবুবর রহমান স্নিগ্ধ এবং কমিটির সদস্য ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জিকে