প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৫:০২ পিএম
৭ অক্টোবরকে ‘জাতীয় আগ্রাসন বিরোধী দিবস’পালনের ঘোষণা ইনকিলাব মঞ্চেরফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে প্রাণ হারানো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে ৭ অক্টোবরকে ‘জাতীয় আগ্রাসন বিরোধী দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একটি সংগঠন।
২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার।
এদিকে সোমবার (৭ অক্টোবর) আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইনকিলাব মঞ্চের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালিতে আবরারের কবর জিয়ারত করা হয়। তাদের সঙ্গে জিয়ারতে অংশ নেন আবরার ফাহাদের দাদু ও চাচা।
কবর জিয়ারত শেষে আবরার ফাহাদের ত্যাগকে ধারণ করে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে ৭ অক্টোবরকে ‘জাতীয় আগ্রাসনবিরোধী দিবস’ হিসেবে ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। একইসাথে ৭ অক্টোবরকে ‘আগ্রাসনবিরোধী দিবস’ ঘোষণা করার উদ্যোগ নিতে সরকারের কাছে দাবিও জানায় সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, চব্বিশে ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে বাংলাদেশে আধিপত্যবাদবিরোধী যে সংগ্রামের সূচনা হয়েছে, শহীদ আবরার হলেন আমাদের সেই সংগ্রামের প্রবাদ পুরুষ।
তিনি আরও বলেন, হাজারো শহীদের জীবনের বিনিময়ে যে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু হয়েছে, শহীদ আবরার হলেন সেই সংগ্রামের প্রধান অনুপ্রেরণা। যিনি আমাদেরকে সব আধিপত্যবাদ ও তাঁবেদারির বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন।
সময়ের আলো/এম