আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে গেজেটে নিষিদ্ধ ঘোষণা করার পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা আনন্দ উল্লাসের মাধ্যমে মিষ্টি বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এই মিষ্টি বিতরণ করেন।
শিক্ষার্থীরা এ সময় বলেন, ‘ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে, শুধু ছাত্রলীগ নয়, তাদের মাদার সংগঠন গণহত্যাকারী আওয়ামী লীগকেও দ্রুত নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ ছাত্রলীগকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করেছে।’
ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী সামিউল আজিম বলেন, ‘ক্ষমতাসীন দল তাদের ছাত্র সংগঠনের মাধ্যমে হত্যা, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং নানা অপরাধ করিয়েছে। সারা দেশে যেখানে ছাত্রলীগ আছে, সেখানেই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা। সুতরাং ছাত্রলীগের নিষিদ্ধ হওয়া স্বাভাবিক। অন্য ছাত্র সংগঠনগুলোরও উচিত শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা এবং প্রভাব খাটানোর রাজনীতি থেকে দূরে থাকা।’
সময়ের আলো/আরআই