বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৮৬৭ শিক্ষার্থী দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া দেশের ১০টি সিএমএইচে মোট ২ হাজার ৫৩৩ জন আহত শিক্ষার্থী চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসেন।
শনিবার (২৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ আগস্ট থেকে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচসগুলতে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য ১০টি সিএমএইচে সর্বমোট ২ হাজার ৫৩৩ জন আহত শিক্ষার্থী চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসেন। তাদের মধ্যে ৮৬৭ জন আহত শিক্ষার্থী সিএমএইচগুলোতে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট শিক্ষার্থীরা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতায় তৎপর আছে।
সময়ের আলো/জিকে