ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। একইসঙ্গে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন তারা।
রোববার (৩ নভেম্বর) দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এর আগে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনে সবশেষ শিক্ষার্থী প্রতিনিধি রেখে কমিশন গঠনসহ চারটি দাবিতে রোববার ও সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হল- সাত কলেজের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য প্রত্যাহার, কমিটি বাতিল, কমিশন গঠন ও সেখানে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করা।
এদিকে কর্মসূচির প্রথম দিনে ঢাকা কলেজের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি নেই। তবে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিরা অফিস কক্ষে উপস্থিত আছেন।
বেলা ১১টায় ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে বাতিল ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মিছিল বের করে। মিছিলটি কলেজের শহীদ মিনারের সামনে এসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।
বিক্ষোভে অংশগ্রহণকারী ঢাকা কলেজ শিক্ষার্থী আসিফ গাজী বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা — প্রয়োজনে তাঁরা আরো কঠোর কর্মসূচি দিবে। আন্দোলনকারী দাবি না পূরণ হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।
ইডেন মহিলা কলেজের ২নং গেট থেকে বেলা ৯ টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগে গিয়ে ক্লাস পরীক্ষা বর্জনে গনসংযোগ করেন।
এসময় ‘ক্লাসে ক্লাসে তালা দে, অধিভুক্তি কবর দে, কমিটি বাতিল কর,কমিশন গঠন কর’ ইত্যাদি স্লোগান দেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেগম বদরুন্নেসা কলেজে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বেলা ১১টা থেকে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
সাত কলেজ আন্দোলনের বেগম বদরুন্নেসা কলেজের প্রতিনিধি নুসরাত জানান, আমরা ক্লাস বয়কট করেছি কিন্তু শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে পরীক্ষা বয়কট করা হয়নি।
এদিকে সকাল ১০ টায় সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা মিরপুর - টেকনিক্যাল সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের ভাষ্য, বিক্ষোভ কর্মসূচির সাথে সাথে ক্লাস পরীক্ষা বয়কট করা হয়েছে। বিভাগগুলোতে শিক্ষার্থীদের উপস্থিত নেই।
এছাড়াও কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে সকাল থেকেই ক্লাস পরীক্ষা বয়কট ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
তবে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলে জানা যায়। সাত কলেজের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির জন্য তিতুমীর কলেজ প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের নিয়ে পূর্বঘোষিত মতবিনিময় সভা স্থগিত করা হয়েছে।
সময়ের আলো/এম