দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়ানো হয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রথম দফায় বিশেষ এ ক্ষমতা দেওয়ার নির্ধারিত দুই মাস অতিবাহিত হওয়ার আগে শুক্রবার (১৫ নভেম্বর) সময় বাড়ানোর আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৬ নভেম্বর) এ প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিশেষ এ ক্ষমতার আওতায় গ্রেপ্তার ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার মত সুযোগ থাকছে সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন থেকে তদুর্ধ্ব কমিশন পাওয়া কর্মকর্তাদের।
পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপর্যায়ের কর্মকর্তারাও এ ক্ষমতা পাবেন বলে সবশেষ প্রজ্ঞাপনে যুক্ত করা হয়েছে।
এসব কর্মকর্তাদের আরও ৬০ দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে নতুন প্রজ্ঞাপনে আগের মতই তা সারাদেশের জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর দুই মাসের জন্য সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়।
সময়ের আলো/জেডআই