বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আর এই গভীর নিম্নচাপটি সাইক্লোনে রূপ নিতে পারে। এছাড়াও বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবহাওয়ার ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, ঢাকায় শীতের দেখা না মিললেও তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ। বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়ায় সারাদেশের মধ্যে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, গভীর নিম্নচাপটি আজ সাইক্লোনে রূপ নিতে পারে। তবে এটি অত শক্তিশালী সাইক্লোন নয়। সাইক্লোনে রূপ নিয়ে এটি ভারতের তামিলনাড়ুর দিকে ঘুরে যাবে।
তিনি বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে, শুক্র ও শনিবার সামান্য বৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭১৫ কিলোমিটারা দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
এতে আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক)নম্বর (পুনঃ) ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ।
শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, পরবর্তীতে সেটি সুস্পষ্ট লঘুচাপ; নিম্নচাপ দশা পেরিয়ে মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আরও শক্তি সঞ্চয় করে এ ঘূর্ণিবায়ুর চক্র বুধবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ফেইনজাল’। নামটি প্রস্তাব করেছে সৌদি আরব।
এদিকে, রাজধানীতে খুব একটা শীতের দেখা না মিললেও তীব্র শীতে কাঁপছে উত্তর জনপদ। এর মধ্যে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা তিন দিন ধরে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। উত্তরের এই জনপদে দিন দিন নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। তবে গত কয়েক দিন ঘন কুয়াশা কেটে বৃহস্পতিবার সকাল ঝলমলে রোদের দেখা মিলছে।
বৃহস্পতিবার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, তেঁতুলিয়ায় সকাল ৯ টায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমের সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
শুধু তেঁতুলিয়া নয়, উত্তরের প্রায় সবগুলো জেলাতেই শীত জেঁকে বসেছে। গেল ২৪ ঘণ্টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ১৫ দশমিক ৪, নীলফামারির ডিমলায় ১৫ দশমিক ৬, সৈয়দপুরে ১৬ দশমিক ২ এবং রংপুরে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
যদিও এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এবার হেমন্তের শুরু থেকেই উত্তরের এই জনপদে শুরু হয়েছিল শীতের আবহ। বর্তমানে দিনভর ঝলমলে রোদ থাকায় দিনে গরম অনুভূত হলেও বিকেল হতে না হতেই শুরু হচ্ছে শীতের অনুভূতি।
হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত পঞ্চগড় জেলায় প্রতিবছরই শীত আসে কিছুটা আগেভাগে। আর শীত বিদায়ও নেয় কিছুটা দেরিতে। শীতের এই মৌসুমে হিমালয় থেকে বয়ে আসা উত্তরের বাতাসে শীতল হয়ে যায় পুরো জেলা। বর্তমানে হেমন্তের শেষ দিকে এসে এই জেলার বাসিন্দাদের সন্ধ্যা নামলেই পরতে হচ্ছে শীতের কাপড়। রাতে ঘুমাতে হচ্ছে লেপ-কম্বল মুড়িয়ে।
এ ব্যাপারে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ওই অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। মাত্র তো শীত শুরু হল। সাইক্লোন কেটে গেলে তখন শীতের প্রকোপ আরও বাড়বে।
সময়ের আলো/এম