দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে দেশের ৪টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার ও শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং রোববার খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক (শুকনা) থাকতে পারে।
একইসঙ্গে আজ ও আগামীকাল সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আর রোববার (১ ডিসেম্বর) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে এবং অন্যান্য অঞ্চলে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অপরদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ কমতে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে উত্তরের জনপদে ক্রমশ নামছে তাপমাত্রা। সকাল ৬টা পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সময়ের আলো/আরআই