প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১:৪২ এএম
ঋণ দিয়ে উপকার নেওয়ার বিধানপার্থিব জীবনে চলার জন্য সম্পদের প্রয়োজন হয়। সম্পদ উপার্জনের জন্য মানুষ নানামুখী কাজ করে। তবে সবসময় প্রয়োজনীয় সম্পদ উপার্জন করা সম্ভব হয় না। যখন আর্থিক সংকট দেখা দেয়, তখন তাৎক্ষণিক কাজ পূরণের জন্য ঋণ করতে হয়।
মানব সমাজে ঋণের প্রয়োজন রয়েছে। একে অপরকে ঋণ দিয়ে সহযোগিতা করবে-এটাই স্বাভাবিক। তবে ঋণের ক্ষেত্রে অতিরিক্ত কোনো অংশ গ্রহণ করা বৈধ হবে না। আর ঋণ বাবদ সুদ গ্রহণ করা ইসলামি শরিয়তে সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। এমনকি ঋণ গ্রহীতার পক্ষ থেকে সম্মানি গ্রহণ বা নাশতা খাওয়াও ঠিক হবে না। কিন্তু ঋণ দাতা ও গ্রহীতার মাঝে পূর্ব পরিচিত সম্পর্কের কারণে যদি আপ্যায়নের আয়োজন করা হয়, তা হলে তাতে কোনো সমস্যা নেই।
এ মর্মে রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ যদি কোনো ব্যক্তিকে ঋণ দেয়। অতঃপর ঋণ গ্রহীতা যদি দাতাকে কোনো হাদিয়া বা উপহার দেয়, তা গ্রহণ করবে না অথবা গ্রহীতা দাতাকে যানবাহনের প্রাণীতে ওঠাতে চায়, তবে তাতে আরোহণ করবে না। কিন্তু যদি ঋণ নেওয়ার পূর্ব থেকে তাদের মধ্যে এরূপ ব্যবহার প্রচলিত থাকে, তবে তা স্বতন্ত্র কথা।’ (ইবনে মাজাহ : ২৫২৬)
সময়ের আলো/আরএস/