চলতি বছরই জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রিজিওনাল রেজিস্টার ফর এশিয়া প্যাসিফিক তালিকায় স্থান পেয়েছে নারীমুক্তি নিয়ে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানাস ড্রিম’।
শত বছর আগে রোকেয়ার এই লেখা থেকে অনুপ্রাণিত হয়ে ‘সুলতানা’স ড্রিম আনবাউন্ড’ বা ‘সুলতানার স্বপ্ন অবারিত’ স্লোগানে এক অভিযানের আয়োজন করেছে পর্বতারোহীদের সংগঠন ‘অভিযাত্রী’।
নারীদের নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই পর্বতাভিযানের নেতৃত্ব দিচ্ছেন এভারেস্টজয়ী নিশাত মজুমদার। আন্তর্জাতিক ব্র্যান্ড মাস্টারকার্ডের সার্বিক সহযোগিতায় এই অভিযানে উদ্যোগের আরেক সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর। গত শুক্রবার এ উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে এক পতাকা অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশের নারীদের দৃঢ়তা, কল্পনাশক্তি ও সাহসিকতা উদযাপন করাই এ অভিযানের লক্ষ্য। অভিযানে নিশাতের নেতৃত্বে দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন পর্বতারোহী ইয়াসমিন লিসা, এপি তালুকদার, অর্পিতা দেবনাথ ও তহুরা সুলতানা রেখা। পর্বতারোহীদের মধ্যে দুজন অভিজ্ঞ পর্বতারোহী এবং দুজন নতুন প্রশিক্ষণার্থী ট্রেকার। নেপালের লাংটাং হিমালয়ে অনুষ্ঠিততব্য এই শীতকালীন অভিযানে নয়া কাঙ্গা পিক (৫ হাজার ৮৪৪ মিটার), ব্যাডেন পাওয়েল পিক (৫ হাজার ৮৫৭ মিটার) এবং ইয়ালা পিক (৫ হাজার ৫০০ মিটার) এই তিন পর্বতের শীর্ষে বাংলাদেশি পতাকা ওড়াবেন এই নারীরা।
শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনেস্কো ঢাকার হেড অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিক এনগেইজমেন্ট নুসরাত আমিন, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের। এ সময় নিশাত মজুমদারের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন অতিথিরা। পরে শনিবার সকালে নেপালের উদ্দেশে রওনা হন এই অভিযাত্রীরা।