শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা খুব প্রয়োজন: উপদেষ্টা বিধান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি, শিশুর মানসিক বিকাশ ঘটানো এবং শতভাগ ভর্তি নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মহানগরীতে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

2024-12-26T20:25:45+00:00
2024-12-26T20:25:45+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা খুব প্রয়োজন: উপদেষ্টা বিধান রঞ্জন
ঢাকার ৫ প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৮:২৫ পিএম 
শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা খুব প্রয়োজন: উপদেষ্টা বিধান রঞ্জন
শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি, শিশুর মানসিক বিকাশ ঘটানো এবং শতভাগ ভর্তি নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মহানগরীতে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন বহুতল নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ২৭ কোটি ১২ লাখ টাকা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার প্রধান অতিথি হিসেবে নতুন এই পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন।

দৃষ্টিনন্দন পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলো- মিরপুর এক নম্বর সেকশনের মাজার রোড সংলগ্ন লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন; মিরপুর সাত নম্বর সেকশনের আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন; বাড্ডার আলাতুনন্নেসা হাই স্কুল সংলগ্ন ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন; ডেমরার কোনাপাড়া রোডের পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং গুলশানের মাস্টারবাড়ী বাজার-আটিপাড়া রোড সংলগ্ন মুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিশুরা পরিবেশ থেকে সবকিছু গ্রহণ করে। সুন্দর স্থাপনা মনকে প্রভাবিত করে‌। এ উদ্দেশ্যে দৃষ্টিনন্দন প্রকল্পের কাজ চলছে। এখন ঢাকায় দৃষ্টিনন্দন প্রকল্পের কাজ হচ্ছে। ঢাকার বাইরের সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায়ও পরবর্তী সময়ে দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিশুরা শুধু বই পড়ে শিখে, তা নয়। তারা স্কুলে অন্য শিশুদের সঙ্গে মিশে। স্কুলের সামগ্রিক কার্যক্রম দেখে শিখে। সবচেয়ে বেশি শিখে অভিভাবকদের থেকে। কারণ, শিশুরা অভিভাবকদের সঙ্গে বেশি সময় থাকে। দৃষ্টিনন্দন স্কুল করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, ট্রেনার ও অভিভাবকসহ সবারই সহযোগিতা খুবই প্রয়োজন। এখন অবকাঠামো অনেক ভালো হচ্ছে। শিশুদের শিক্ষার মান ভালো হবে।

তিনি আরও বলেন, আগের চেয়ে অনেক স্কুলের অবকাঠামোর পরিবর্তন হয়েছে। শিশু শিক্ষার মান যে পর্যায়ে চাই, সে পর্যায়ে এখনো পৌঁছুতে পারিনি। প্রাথমিক শিক্ষায় সমস্যা হলে শিশুরা হাইস্কুলে ভালো করতে পারে না। সবাইকে নিয়ে ভালো করতে হবে। না হলে জনসম্পদে পরিণত করা যাবে না। তাই আমরা প্রাথমিক শিক্ষার ওপর জোর দিচ্ছি। একজন শিশু ভালো মতো লিখতে, পড়তে, বলতে পারবে; যোগ-বিয়োগ, গুণ-ভাগ করতে পারবে- এসব বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছি।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ ও প্রকল্প পরিচালক মো. সাইফুর রহমান।

জানা গেছে, দৃষ্টিনন্দন বহুতল নতুন এই পাঁচটি ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২৭ কোটি ১২ লাখ ৩৮ হাজার টাকা। পাঁচটি ভবনের মধ্যে চারটি ছয় তলা এবং একটি ছয় তলা ভিতবিশিষ্ট চারতলা ভবন। এগুলোতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য ১১৬টি কক্ষ রয়েছে। এছাড়া, ওয়াশ ব্লক রয়েছে ১২২টি। বিদ্যালয়গুলোর নতুন ভবনে ছাত্র-ছাত্রীর মোট ধারণ ক্ষমতা চার হাজার।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: