ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার মুছে ফেলা ব্যঙ্গচিত্র আবারো আঁকা হয়েছে। মুছে ফেলা ব্যঙ্গচিত্র পুনরায় আঁকার কার্যক্রমে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো।
রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় থেকে এ গ্রাফিতি আঁকা শুরু হয়। সোমবার সকাল পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকে।
এদিকে ব্যঙ্গচিত্রটি আঁকেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিমুল কুম্ভকার, চারুকলা অনুষদের ছাত্র ইউনিয়নের সদস্য মৃধা রাইয়ান, ছাত্র ফেডারেশনের সাবেক প্রচার সম্পাদক মমিন মুক্তার সবুজ।
এর আগে শনিবার দিবাগত রাত ২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের অনুমতিতে মেট্রোরেলের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলার থেকে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ব্যঙ্গচিত্র মুছে দেয়। পরে শিক্ষার্থীদের বাধার মুখে মাঝপথে মোছার কাজ বন্ধ করা হয়।
এ বিষয়ে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু সময়ের আলোকে বলেন, ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনকে নিয়ে এ গ্রাফিতি আঁকা হয়েছে। এটা একটা ভালো লক্ষণ যে সকলে মিলে এটি করেছে। তবে আগের গ্রাফিতিটি মুছে ফেলায় ইতিহাসের একটি দলিল মোছা হয়েছে। এর জন্যে আমরা প্রশাসনকে এত সহজে ছাড় দিতে পারি না।
সময়ের আলো/এএ/