শক্তিশালী টর্নোডোর আঘাত এবং বৈরি আবহাওয়ার কারণে বিভিন্ন দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ২০ নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া ঝড়ো বাতাসের আঘাতে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে মিসৌরি, ইলিনয়, ইন্ডিয়ানা, টেক্সাস এবং আরকানসাসে অন্তত ৬ লাখ মানুষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রোববার (১৬ মার্চ) বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
টর্নেডোর আঘাতে গাড়ি উলটে ও ঘর-বাড়ি পড়ে গিয়ে মিসৌরিতে সর্বোচ্চ ১২ ও টেক্সাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ওকলাহোমা এবং আরকানসাসেও প্রাণহানির ঘটনা ঘটেছে।
আরকানসাসে ধুলিঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি কাউন্টিতে আহত হয়েছেন অন্তত ২৯ জন।
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে বেশ কয়েকটি স্টেইটে টর্নেডোর আঘাতে শনিবার বিপর্যস্ত হয়ে পড়ে সেখানকার জনজীবন। প্রবল বাতাস আর ধূলিঝড়ের প্রভাবে মিসৌরি ও আরকানসাসে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। টর্নেডোর আঘাতে এরইমধ্যে কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
অন্যদিকে, টেক্সাসের লেইক ট্যাঙ্গেলউডে দাবানলের ঘটনা ঘটেছে। দাবানলের আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি বাড়ি-ঘর ও ব্যবসাকেন্দ্রে। এই ঘটনায় টেক্সাস ও ওকলাহোমার কয়েকটি কাউন্টির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।