মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ভারত ও পাকিস্তান উভয়ই বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার (১০ মে) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনের বরাতে এ খবর জানা গেছে।
যুদ্ধবিরতির চুক্তি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, আজ (শনিবার) দুপুরে পাকিস্তানের সামরিক অপারেশনের মহাপরিচালক (ডিজিএমও) ভারতীয় সমকক্ষকে ফোন করেন। আলোচনার মাধ্যমে পরে একটি সমঝোতা হয়।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, তাদের মধ্যে এই বিষয়ে সম্মতি হয়েছে যে, উভয় পক্ষই শনিবার ভারতীয় সময় বিকেল ৫টা (জিএমটি ১১:৩০) থেকে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের যুদ্ধ ও সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।
তিনি আরও জানান, উভয় পক্ষকে এই সমঝোতা কার্যকর করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উভয় দেশের সামরিক অপারেশনের মহাপরিচালকরা আগামী ১২ মে দুপুর ১২টায় আবার এ বিষয়ে আলোচনা করবেন।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, ভারত–পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি কোনো আংশিক ব্যবস্থা নয়, এটি দুই দেশের মধ্যে এক সম্পূর্ণরূপে কার্যকরী যুদ্ধবিরতি সমঝোতা।
জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে দার উল্লেখ করেছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চুক্তি আংশিক নয়; এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। এর মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্র, সব ক্ষেত্রেই দুই পক্ষই সামরিক অভিযান বন্ধ রাখবে।
তিনি আরও জানান, চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের সামরিক নেতৃত্ব দ্রুত যোগাযোগ চালু করেছে। ভারত ও পাকিস্তান উভয়ই বৈঠক-বার্তা বিনিময়ের জন্য সামরিক চ্যানেল এবং জরুরি হটলাইন সক্রিয় করেছে।
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও দুরদৃষ্টির জন্য দুই দেশকেই শুভেচ্ছা!
এসকে/