বিয়ের উপহার মানেই গহনা, নগদ টাকা বা মূল্যবান সামগ্রী। কিন্তু মেয়ের বিয়েতে অদ্ভুত উপহার দিয়ে আলোচনায় ভিয়েতনামের এক বাবা। মেয়ের বিয়েতে উপহার হিসেবে ১০০টি খাটাশ দিয়েছেন ওই ব্যক্তি, যার বাজারমূল্য প্রায় ৮৫ লাখ টাকা। সোমবার এনডিটিভির এক প্রতিবেদন থেকে এমন চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিবাসী ২২ বছর বয়সী এক কনে তার বিয়ের সময় এই ভিন্নধর্মী উপহার পেয়েছেন। গত মে মাসে তার বিয়ে অনুষ্ঠিত হয়। উপহার পাওয়া ১০০টি খাটাশের উপহারের মূল্য প্রায় ৭০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ লাখ টাকা।
এমন চাঞ্চল্যকর ঘটনা সম্পর্কে কনের বাবা হং চি তাম জানান, তার সব সন্তানই বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং তারা পারিবারিক ব্যবসার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি তার মেয়েকে এমন সম্পদ উপহার দিয়েছেন যা আয়ের উৎস হতে পারে এবং মেয়ে চাইলে খাটাশগুলো পালন বা বিক্রি করতেও পারবে।
এছাড়াও কনের বাবা আত্মবিশ্বাসের সঙ্গে আরো বলেন, “আমার মেয়ে বিজনেস স্কুলের স্নাতক। সে এই সম্পদগুলো পরিচালনার জন্য সম্পূর্ণ সক্ষম। যে পদ্ধতিতেই হোক না কেন, এটি তার আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে।”
যদিও বিয়ের উপহারের তালিকায় শুধু খাটাশই ছিল না। এর সঙ্গে ছিল ২৫টি স্বর্ণের বার, নগদ ২০ হাজার মার্কিন ডলার, ৩০০ মিলিয়ন ডং মূল্যের কোম্পানির শেয়ার এবং একাধিক উচ্চমূল্যের সম্পত্তি। অন্যদিকে, বরের পরিবারও এই বিয়েতে ১০ তায়েল স্বর্ণ, ২০০ মিলিয়ন নগদ ডং এবং হীরার গহনা উপহার দিয়েছে। ব্যতিক্রমী এই বিয়ের উপহার দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে বিষয়টিকে ‘অবিশ্বাস্য’ ও ‘চমকপ্রদ’ হিসেবে মন্তব্য করছেন।
ভিয়েতনামে খাটাশের কদর অত্যন্ত বেশি। একটি সন্তান জন্ম দেওয়া মা খাটাশের মূল্য প্রায় ৭০০ মার্কিন ডলার, আর গর্ভবতী একটি খাটাশের মূল্য ১,০৫০ ডলার পর্যন্ত হতে পারে। এছাড়া চীন ও ভিয়েতনামে খাটাশের মাংসকে বিলাসবহুল খাবার হিসেবে গণ্য করা হয় এবং ঐতিহ্যবাহী চীনা ওষুধেও এটি ব্যবহৃত হয়, যা এই প্রাণীর মূল্য আরও বাড়িয়ে দিয়েছে।