শুক্রবার ভোরে ইরানের রাজধানীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের জানানো হয়, তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে। এছাড়া হামলা হয়েছে ইরানের পারমাণবিক গুরুত্বপূর্ণ স্থাপনায়ও।
প্রশ্ন উঠেছে, ইরানে হামলার বিষয়টি কি আগে থেকেই জানতো আমেরিকা? সবচেয়ে কাছের মিত্র আমেরিকাকে না জানিয়ে এই হামলা করার সাহস করবে তেল আবিব? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।
ইসরায়েলের এই রাষ্ট্রদূত বলেছেন, ইরানে হামলার বিষয়ে আমেরিকার সাথে তাদের আগেই আলোচনা হয়েছে, তবে শুক্রবারের আক্রমণ ছিল ইসরায়েলের স্বাধীন সিদ্ধান্ত। আরেক প্রশ্নের জবাবে ড্যানি ড্যানন বলেন, তার দেশ ওয়াশিংটনের সাথে চলমান আলোচনা চালিয়ে যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই রাষ্ট্রদূতের বক্তব্যে পরিষ্কার আমেরিকাকে জানিয়েই তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেল আবিব। বহুদিনের এবং সবচেয়ে শক্তিশালী মিত্র আমেরিকাকে না জানিয়ে ইরানে হামলার মতো ঝুঁকি ইসরায়েল কখনোই নেবে না।
এদিকে ইরানে হামলার পর ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। রাজধানী তেলআবিবসহ বিভিন্ন শহরে স্কুল-কলেজ, অফিস এবং বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। নাগরিকদের বলা হয়েছে বোম শেল্টারে অবস্থান নিতে। ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকায়, আকাশে টহল দিচ্ছে যুদ্ধবিমান। দেশটির আশঙ্কা, যে কোনো সময় ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে ইরান।