ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্নস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ এ তথ্য জানিয়েছে।
নিউইয়র্ক সিটি পুলিশ বলছে, ‘ইরানে উদ্ভূত পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি। সতর্কতার কারণে নিউইয়র্কজুড়ে ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
নিইইয়র্কে অন্তত ৮০ লাখ মানুষ বাস করেন। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে নিউইয়র্ক সিটি পুলিশ।
এর আগে রোববার (২১ জুন) দিবাগত রাতে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথে লিখেছেন, ‘আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রতে সফলভাবে হামলা সম্পন্ন করেছি। যারমধ্যে আছে ফর্দো, নাতানজ এবং ইসফাহান। (হামলায় অংশ নেওয়া) সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে রয়েছে।’
হামলার পরই ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, সামরিক ও নিরাপত্তাজনিত কারণে দেশজুড়ে জনসাধারণের ওপর আরোপিত বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে।
এটি ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার প্রেক্ষাপটে নেওয়া পদক্ষেপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প আরও জানিয়েছেন, মাটির ২৬২ ফুট গভীরে থাকা ফর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছেন তারা। হামলা চালানো বিমানগুলো এখন যুক্তরাষ্ট্রে ফিরে আসছে।