স্বামীর হত্যাকারীকে ক্ষমা করে দিয়ে আদালতে তাকে জড়িয়ে ধরে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেছেন আমেরিকান এক নারী।
স্থানীয় সময় শনিবার (১০ আগস্ট) জর্জিয়ার একটি আদালতে এ বিশেষ ঘটনা ঘটেছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম আইউইটনেস নিউজ।
সংবাদমাধ্যমটি জানায়, বিধবা রেজিনা জনসনের স্বামী চাক জনসনকে গাড়ি ধাক্কা দিয়ে হত্যা করে পালিয়ে গিয়েছিলেন টিলম্যান। আসামি টিলম্যানের বিরুদ্ধে গাড়ি দিয়ে নরহত্যা ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ ছিল। তিনি আদালতে তার অপরাধ স্বীকার করেন।
এমন বাস্তবতায় আসামিকে ২০ বছরের কারাদণ্ড দেন বিচারক। কিন্তু এ সময় সবাইকে অবাক করে দিয়ে টিলম্যানের উদ্দেশে রেজিনা বলে ওঠেন, ‘তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন এবং ঈশ্বর তাকে ভালোবাসে।’
একপর্যায়ে খুনের আসামি জোসেফ টিলম্যানকে আলিঙ্গন করেন বিধবা এ নারী।
ক্ষমা করার কারণ হিসেবে আলাদতকে রেজিনা জানান, আসামি টিলম্যান তাকে চুপি চুপি বলেছে- ‘আমি খুবই দুঃখিত। আমি খুবই দুঃখিত।’
ঘটনাটি দেখে হতবাক বিচারক বলেছেন, এ রকম কিছু তিনি ইতোপূর্বে দেখেননি ।
তিনি বলেন, ‘আমার মনে হয় না, এর আগে ভুক্তভোগীর স্ত্রী কর্তৃক আসামিকে আলিঙ্গন দেখেছি…।’
মামলার বাদী রেজিনা জনসন ও চাক জনসনের দাম্পত্য জীবন ছিল ৫০ বছরের।
/এমএইচআর