বিউটি পার্লারে ভালো চাকরির প্রলোভনে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেছে পুনে পুলিশ। দীর্ঘদিন ধরে তারা যৌনপাচার চক্রের হাতে বন্দি ছিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
শুক্রবার (১০ অক্টোবর) ভারতের ধনকাওয়াড়ি ও আমবেগাঁও পাঠার এলাকার দুটি পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এক তরুণী পুলিশের হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইলে অভিযান চালানো হয়। কাত্রাজ এলাকা থেকে ২২ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে উদ্ধার করে পুলিশ। তিনি জানান, দুই বছর আগে তাকে পশ্চিমবঙ্গ সীমান্ত পেরিয়ে ভারতে এনে যৌনপেশায় বাধ্য করা হয়। এরপর পুলিশ আরও তথ্যের ভিত্তিতে আরেকটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২০ বছর বয়সী অপর এক বাংলাদেশি নারীকে উদ্ধার করে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজু পাটিল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, পাটিল ও তার স্ত্রী যৌনপাচার চক্রের সদস্য, এবং তার স্ত্রীকে গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই তরুণীদের চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করে দালালরা।
ঘটনার পর ভারতীয় দণ্ডবিধি এবং নারী ও শিশু পাচারবিরোধী আইনের বিভিন্ন ধারায় ভারতী বিদ্যাপীঠ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রাজু পাটিলকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
পুলিশ জানিয়েছে, এই নারী পাচার চক্রের পেছনে আরও কেউ জড়িত কি না, বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে পাচারের ক্ষেত্রে, তা খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক পাচারচক্র ভেঙে দিতে তদন্ত অব্যাহত রয়েছে।
এরই সাথে বিদেশে চাকরি বা উচ্চ বেতনের প্রতিশ্রুতি পেলে যাচাই-বাছাই ছাড়া সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
এএডি/